দক্ষিণ লেবাননে যিশুর মূর্তি ভাঙা ও সেই ঘটনার ছবি তোলার দায়ে দুই ইসরায়েলি সৈন্যকে ৩০ দিনের সামরিক কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের যুদ্ধের দায়িত্ব থেকেও সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
আইডিএফ জানায়, এ ঘটনায় আরও ছয়জন সৈন্য উপস্থিত থাকলেও তারা বিষয়টি প্রতিরোধ বা রিপোর্ট করেনি। এজন্য তাদের ব্যাখ্যামূলক বৈঠকে ডাকা হয়েছে এবং প্রয়োজনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।
গত রোববার (১৯ এপ্রিল) সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, একজন ইসরায়েলি সৈন্য হাতুড়ি মতো বস্তু দিয়ে দক্ষিণ লেবাননের শহর দেবেলে ক্রুশবিদ্ধ যিশুর একটি মূর্তিতে আঘাত করছে। ছবিতে আরও দেখা যায়, মূর্তির মাথা ক্রুশ থেকে আলাদা করে সেটিতে আঘাত করা হচ্ছে।
দেবেল পৌরসভার উপপ্রধান মারুন নাসিফ ঘটনাটিকে ধর্মীয় অনুভূতির ওপর আঘাত করা হয়েছে বলে উল্লেখ করেছেন।
ঘটনার পরপরই তুমুল সমালোচনার মাঝে তদন্ত শুরু করে আইডিএফ এবং সৈন্যদের আচরণকে সেনাবাহিনীর প্রত্যাশিত মূল্যবোধের সম্পূর্ণ পরিপন্থী বলে মন্তব্য করে।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, তিনি এই ঘটনায় স্তম্ভিত ও দুঃখিত এবং এই ঘটনার তীব্র নিন্দা জানাই।
মঙ্গলবার (২১ এপ্রিল) এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সমন্বয় করে ক্ষতিগ্রস্ত মূর্তিটি এরইমধ্যে প্রতিস্থাপন করা হয়েছে। নতুন মূর্তিটি ধাতব তৈরি এবং নতুন ক্রুশে স্থাপন করা হয়েছে। সংস্থাটি এ ঘটনার জন্য গভীর দুঃখ প্রকাশ করে এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়।

