মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী তুন ড. মাহাথির মোহাম্মদ তার শতবর্ষী স্ত্রী তুন ড. সিতি হাসমাহ মোহাম্মদ আলীর মৃত্যুর তিন দিন পর তার কবরে গিয়ে দোয়া করেছেন।
বৃহস্পতিবার সকালে পুত্রজয়ার প্রেসিন্ট ২০ ইসলামিক কবরস্থানে যান মাহাথির। সেখানে স্ত্রীর কবরে ফুল ছড়িয়ে দুই হাত তুলে দোয়া করেন তিনি। কিছুক্ষণ নীরবে অবস্থান করার পর কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই কবরস্থান ত্যাগ করেন।
কবর জিয়ারতের সময় মাহাথিরকে শান্ত ও নীরব দেখা যায়। দীর্ঘ প্রায় ৭০ বছরের দাম্পত্য জীবনের সঙ্গীকে হারানোর পর স্ত্রীর কবরে এটিই ছিল তার প্রথম সফর।
সিতি হাসমাহ গত ২৮ সেপ্টেম্বর ১০০ বছর বয়সে মারা যান। রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষ বিদায়ের আয়োজন করা হয়। রাজপরিবারের সদস্য, প্রধানমন্ত্রী, সাবেক ও বর্তমান রাজনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানান।
পেশায় চিকিৎসক সিতি হাসমাহ মালয়েশিয়ার জাতীয় জীবনেও পরিচিত ছিলেন। ১৯৫৬ সালে মাহাথিরের সঙ্গে তার বিয়ে হয়। এরপর প্রায় সাত দশক তারা একসঙ্গে ছিলেন। মাহাথিরের দীর্ঘ রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলোতে তিনি তার পাশে ছিলেন। পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন।
মাহাথির ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত প্রথম দফায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০১৮ সালে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হন এবং ২০২০ সাল পর্যন্ত দায়িত্বে ছিলেন।
সূত্র: মালয় মেইল

