ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে নানা জল্পনার মধ্যেই নতুন দাবি করেছেন তার শাশুড়ি তায়্যেবেহ মাহরুযাদেহ। তার দাবি, প্রয়াত সর্বোচ্চ নেতা আলি খামেনির দাফনের রাতে মাশহাদের ইমাম রেজা মাজারে মোজতবা খামেনিকে তিনি নিজ চোখে দেখেছেন। সে সময় তাকে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় দেখেছেন বলেও দাবি করেছেন তিনি।
সম্প্রতি এক ভিডিও সাক্ষাৎকারে তায়্যেবেহ মাহরুযাদেহ বলেন, দাফনের রাতে তিনি মোজতবাকে দেখেছেন এবং তিনি ‘সম্পূর্ণ সুস্থ’ ছিলেন। তার এই বক্তব্য ইরানের কিছু গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে। তবে তার দাবির সঙ্গে মোজতবার সাম্প্রতিক কোনো ছবি, ভিডিও বা অডিও প্রকাশ করা হয়নি।
গত জুলাইয়ে মাশহাদের ইমাম রেজা মাজারে আলি খামেনির দাফনের সময় মোজতবার অনুপস্থিতি ব্যাপকভাবে আলোচনায় আসে। ওই অনুষ্ঠানের প্রকাশিত ভিডিও ও ছবিতে তাকে দেখা যায়নি। তার তিন ভাইকে বাবার কফিনের পাশে দেখা গেলেও মোজতবা প্রকাশ্যে আসেননি।
মোজতবার জনসমক্ষে না আসা নিয়ে তখন থেকেই নানা জল্পনা চলছে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়, ফেব্রুয়ারির হামলায় তিনি আহত হয়েছিলেন। অন্যদিকে ইরানি কর্মকর্তারা তার শারীরিক অবস্থা নিয়ে আশ্বস্ত করার চেষ্টা করেছেন। জুলাইয়ে তার শ্বশুর গোলাম-আলী হাদ্দাদ-আদেলও বলেছিলেন, মোজতবা নির্দিষ্ট কারণে কারও সঙ্গে যোগাযোগ করছেন না।
মার্চের শুরুতে আলি খামেনির মৃত্যুর পর মোজতবা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হন। এরপর থেকে তার নামে বিভিন্ন বিবৃতি ও নির্দেশনা প্রকাশিত হলেও তিনি এখনো প্রকাশ্যে আসেননি। ফলে তার শাশুড়ির সাম্প্রতিক বক্তব্য নতুন করে মোজতবার অবস্থান ও শারীরিক সক্ষমতা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে।

