অপারেশন থিয়েটারে চলছে অস্ত্রোপচার। চিকিৎসকেরা ব্যস্ত, আর অপারেশন টেবিলে শুয়েই গান গাইছেন সোনু নিগম। শারীরিক যন্ত্রণার মধ্যেও গান থেকে দূরে থাকেননি এই ভারতীয় গায়ক। চিকিৎসকদের জন্য গেয়ে উঠলেন মহম্মদ রফির জনপ্রিয় গান ‘সুহানি রাত ঢল চুকি, না জানে তুম কব আয়োগে’।
রোববার (৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে সেই মুহূর্তের একটি ভিডিও নিজেই প্রকাশ করেছেন সোনু।
ভিডিও প্রকাশের পর তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনুরাগীরা। একই সঙ্গে অস্ত্রোপচারের মতো পরিস্থিতিতেও গানকে সঙ্গী করে রাখায় প্রশংসাও পেয়েছেন তিনি।
ভিডিওতে দেখা যায়, অপারেশন টেবিলে শুয়ে আছেন সোনু। তাকে ঘিরে রয়েছেন চিকিৎসক ও মেডিক্যাল টিমের সদস্যরা। অস্ত্রোপচার চলার সময়ই তিনি ১৯৪৯ সালের ‘দুলারি’ সিনেমার জনপ্রিয় গানটি গাইছেন।
ভিডিওটি শেয়ার করে সোনু লিখেছেন, ‘আমার অস্ত্রোপচারের সময়ে প্রিয় চিকিৎসক এবং তার স্নেহশীল টিমের জন্য আচমকা এই পরিবেশনা। যন্ত্রণার মধ্যেও গান গাইছি—এটাই সঙ্গীতের আনন্দ!’
ভিডিওটি প্রকাশের পর অনেক অনুরাগী সোনুর দ্রুত সুস্থতা কামনা করেছেন। কেউ কেউ মনে করছেন, কঠিন শারীরিক পরিস্থিতিতেও গানকে সঙ্গী করে নেওয়া তার সংগীতের প্রতি গভীর ভালোবাসার প্রকাশ।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে উঠে এসেছে এর আগে জুন মাসে নিজের অসুস্থতার কথা জানিয়েছিলেন সোনু। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা একটি ভিডিওতে তার কাঁধে ব্যান্ডেজ দেখা যায়। তখন তিনি জানিয়েছিলেন, স্নায়ুজনিত সমস্যার কারণে তীব্র যন্ত্রণায় ভুগছেন। সামান্য নড়াচড়াতেও তার কষ্ট হচ্ছিল।
অসুস্থতার কারণ ও সমস্যার মাত্রা জানতে এমআরআই ও সিটি স্ক্যানসহ কয়েকটি পরীক্ষা করানোর কথাও জানিয়েছিলেন তিনি। সাম্প্রতিক ভিডিও দেখে ধারণা করা হচ্ছে, সেই শারীরিক সমস্যার চিকিৎসারই পরবর্তী ধাপ হিসেবে এই অস্ত্রোপচার হয়েছে।
তবে ঠিক কী ধরনের অস্ত্রোপচার হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি সোনু। চিকিৎসকদের তত্ত্বাবধানে তাকে দেখে কিছুটা স্বস্তি পেয়েছেন অনুরাগীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে তার দ্রুত আরোগ্য কামনা করেছেন তারা।

