জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩-এর সংশোধিত তালিকায় আজীবন সম্মাননা পাচ্ছেন সোনালী যুগের জনপ্রিয় নায়িকা শবনম। মঙ্গলবার এ সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের প্রকাশিত সংশোধিত প্রজ্ঞাপনে দেখা গেছে, আগের ঘোষিত তালিকার কয়েকটি বিভাগে পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে আজীবন সম্মাননা এবং সেরা চিত্রনাট্য বিভাগে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গেছে, গত ২৯ জানুয়ারি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ফলাফল প্রকাশের পর কয়েকটি বিভাগ নিয়ে প্রশ্ন ও আলোচনা তৈরি হয়। বিশেষ করে আজীবন সম্মাননা ও সেরা চিত্রনাট্য বিভাগে বিচারকদের সুপারিশ বাস্তবায়ন নিয়ে বিতর্কের পর বিষয়টি পুনর্বিবেচনার উদ্যোগ নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পরবর্তীতে জুরিবোর্ড সদস্যদের মতামত ও আলোচনার ভিত্তিতে পুরস্কারের তালিকা পুনর্মূল্যায়ন করা হয়। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই সংশোধিত প্রজ্ঞাপনে বরেণ্য অভিনেত্রী শবনমকে আজীবন সম্মাননার জন্য মনোনীত করা হয়েছে।
আজীবন সম্মাননা যৌথভাবে পাচ্ছেন অভিনয়শিল্পী শবনম এবং চলচ্চিত্র সম্পাদক ফজলে হক। এছাড়াও একই পুরস্কার পাচ্ছেন তারেক মাসুদ ও আব্দুল লতিফ বাচ্চু। অন্যদিকে সেরা চিত্রনাট্যকার বিভাগে তাসনীমুল হাসানের নাম ঘোষণা করা হয়েছে।

