পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম জানিয়েছেন, সুন্দরবন সংরক্ষণে ৬০ মিলিয়ন মার্কিন ডলার এবং সুন্দরবনের ওপর নির্ভরশীল মানুষের জীবন-জীবিকার উন্নয়নে আরও ২৬০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে জাতিসংঘ।
যা বাংলাদেশি টাকায় প্রায় ৩ হাজার ৯৪৭ কোটি ৭৮ লাখ টাকা।
শনিবার (২৫ জুলাই) বাগেরহাটের মোংলা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘সুন্দরবন ও উপকূলীয় জীবিকার সুরক্ষা’ শীর্ষক দিনব্যাপী নাগরিক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
‘পিপলস ম্যানডেট: ম্যানিফেস্টো টু অ্যাকশন’ সিরিজের অংশ হিসেবে পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা’সহ কয়েকটি সংগঠনের যৌথ উদ্যোগে এ সংলাপের আয়োজন করা হয়। সংলাপে দক্ষিণ-পশ্চিম উপকূলের জীবন-জীবিকা ও বাস্তুতন্ত্র নিয়ে আলোচনা করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, সংসদ সদস্য আমীর এজাজ খান, সংসদ সদস্য মো. আব্দুল আলীমসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্টজন।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সুন্দরবন সংরক্ষণ এবং উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে দীর্ঘমেয়াদি ও টেকসই পরিকল্পনা গ্রহণের বিকল্প নেই।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, জাতিসংঘ সুন্দরবন সুরক্ষায় ৬০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। পাশাপাশি সুন্দরবনের ওপর নির্ভরশীল মানুষের জীবন-জীবিকার উন্নয়নে আরও ২৬০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করা হবে। তাই আমাদের সবাইকে সুন্দরবন রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

