কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি এমন এক পর্যায়ে পৌঁছাতে যাচ্ছে, যা মানুষের সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান। তিনি বলেন, ভবিষ্যতের এআই হবে অনেকটা ‘ইচ্ছাপূরণকারী জিনি বা আলাদিনের চেরাগের মতো, যা মানুষের প্রায় যেকোনো চাহিদা বা নির্দেশ পূরণে সক্ষম হবে।
সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে তিনি দাবি করেন, ওপেনএআই এমন এক শক্তিশালী সহকারী তৈরির খুব কাছাকাছি পৌঁছে গেছে, যা মানবতার সবচেয়ে কঠিন ও জটিল চ্যালেঞ্জগুলো মোকাবিলায় সাহায্য করবে। তবে কোন সমস্যার সমাধান করা হবে, তার সিদ্ধান্ত নেবেন ব্যবহারকারীরাই। অল্টম্যান জোর দিয়ে বলেন, এই প্রযুক্তির অসীম ক্ষমতা যেন সমবণ্টন হয় এবং তা প্রথম থেকেই বৃহত্তর মানবকল্যাণে কাজে আসে, সেটি তারা নিশ্চিত করতে চান।
ভবিষ্যতের এই এআই মডেলগুলো শুধু সাধারণ প্রশ্নের উত্তর দেবে না বা কনটেন্ট তৈরি করবে না। এগুলো স্বয়ংক্রিয়ভাবে বিশাল তথ্যভাণ্ডার বিশ্লেষণ করে স্বাধীনভাবে গবেষণা চালাবে। এর মাধ্যমে বিজ্ঞানীরা নতুন ওষুধ আবিষ্কার, উন্নত চিপ নকশা এবং অন্যান্য বৈজ্ঞানিক ও প্রকৌশলগত সাফল্য অত্যন্ত দ্রুততার সঙ্গে অর্জন করতে পারবেন।
ওপেনএআই-এর এই উদ্যোগ মূলত ‘আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স’ (এজিআই) তৈরির একটি উচ্চাভিলাষী লক্ষ্য। এটি এমন এক সিস্টেম যা সাধারণ মানুষের চেয়েও বেশি বুদ্ধিমান হবে। প্রযুক্তি জগতে এআই-এর নিরাপত্তা ও নৈতিকতা নিয়ে ব্যাপক বিতর্কের মধ্যেই এমন মন্তব্য করলেন তিনি। তবে অল্টম্যান বিশ্বাস করেন, নির্দিষ্ট লক্ষ্যমাত্রার চেয়েও মানবকল্যাণে এই প্রযুক্তির দ্রুত উন্নতি নিশ্চিত করাই এখন সবচেয়ে বেশি প্রয়োজন।
সূত্র: এনডিটিভি

