পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেশাওয়ার জালমির হয়ে খেলবেন বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের এই আসরে একই দলে সতীর্থ হিসেবে থাকবেন দুই স্বদেশি পেসার নাহিদ রানা ও শরিফুল ইসলাম।
সামাজিক মাধ্যমে তানজিদের দলে অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করে পেশাওয়ার জালমি। বাংলাদেশি এই ওপেনারকে স্বাগত জানিয়ে দলটি লিখেছে, ‘ভয়ডরহীন বাঁহাতি ব্যাটসম্যান যে কোনও বোলিং আক্রমণের ওপর চড়াও হতে প্রস্তুত।’
পিএসএলের নিলামে ১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপি ভিত্তিমূল্যে নাম উঠলেও কোনো দল পাননি তানজিদ হাসান। তবে টুর্নামেন্ট শুরুর চার দিন আগে সরাসরি চুক্তিতে জায়গা করে নেন পেশাওয়ার জালমিতে।
২৫ বছর বয়সী এই ব্যাটারের জন্য এটি দেশের বাইরে প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ।
সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করেন তানজিদ। প্রথম ম্যাচে অপরাজিত ফিফটি এবং শেষ ম্যাচে সেঞ্চুরি করে দলের সিরিজ জয়ে বড় অবদান রাখেন। এই পারফরম্যান্সের জন্য তিনি যৌথভাবে সিরিজ সেরার পুরস্কার পান।
এখন পর্যন্ত ১০৩টি টি-টোয়েন্টি ম্যাচে ৩টি সেঞ্চুরি ও ২০টি ফিফটিতে ২ হাজার ৭৮২ রান করেছেন তানজিদ, যেখানে তার স্ট্রাইক রেট ১২৮.৯৭।
তানজিদকে নিয়ে এবারের পিএসএলে বাংলাদেশ থেকে দল পেলেন মোট ছয়জন ক্রিকেটার। অন্যরা হলেন মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, পারভেজ হোসেন ইমন, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।
এবারের পিএসএল আয়োজন কিছুটা সীমিত পরিসরে হচ্ছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাবের কারণে মাত্র দুটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে লিগটি। ম্যাচগুলো হবে দর্শকশূন্য মাঠে এবং থাকছে না কোনো উদ্বোধনী অনুষ্ঠানও।
৮ দল নিয়ে নতুন আঙ্গিকে এবারের পাকিস্তান সুপার লিগ শুরু হবে আগামী বৃহস্পতিবার (২৬ মার্চ)।

