spot_img

নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে জয়িতা ফাউন্ডেশন শক্তিশালী করার সুপারিশ

অবশ্যই পরুন

নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন বাড়াতে জয়িতা ফাউন্ডেশনকে আরও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার পরামর্শ দিয়েছে জাতীয় সংসদের নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তা তৈরি, ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ এবং নারী উদ্যোক্তাদের জন্য উপযোগী বাজার অবকাঠামো গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি সেলিমা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বিতীয় বৈঠকে এসব পরামর্শ দেওয়া হয়।

বৈঠকে ‘জয়িতা’ ব্র্যান্ডকে পরিচিত ও প্রতিষ্ঠিত করতে জয়িতা ফাউন্ডেশনের কার্যক্রম জোরদার করার পাশাপাশি প্রতিষ্ঠানটির কার্যক্রম নিয়মিত মনিটরিং ও পরিদর্শনের সুপারিশ করা হয়।

এ ছাড়া শিশুদের বিকাশে বাংলাদেশ শিশু একাডেমির উদ্যোগে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় পৃথক কর্মসূচি আয়োজনের পরামর্শ দিয়েছে কমিটি।

বৈঠকে কমিটির সদস্য ও নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, সংসদ সদস্য রাশেদা বেগম হীরা, বিলকিস ইসলাম, আন্না মিনজ, নূরুন্নিসা সিদ্দীকা, সাবিকুন্নাহার এবং মোছা. নুসরাত তাবাসসুম জ্যোতি অংশ নেন।

বৈঠকে জয়িতা ফাউন্ডেশনের বর্তমান কার্যক্রম বিস্তারিতভাবে তুলে ধরা হয়। পাশাপাশি ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে সম্প্রসারিত কিশোর-কিশোরী ক্লাবগুলোর কার্যক্রমের অগ্রগতি নিয়েও আলোচনা হয়।

এ সময় সভাপতি সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার কিশোর-কিশোরী ক্লাবগুলো জনপ্রতিনিধিদের পরিদর্শনের ওপর গুরুত্ব দেন। প্রান্তিক নারীদের সচেতনতা বাড়াতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে জয়িতা ফাউন্ডেশনের কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান তিনি।

এ ছাড়া নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার শূন্য পদ পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে কমিটি। মন্ত্রণালয়ের কার্যক্রম বাস্তবায়নে অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় বজায় রাখারও পরামর্শ দেওয়া হয়।

বৈঠকে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর, সংস্থা ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র: বাসস

সর্বশেষ সংবাদ

৩ টাকা বেড়ে বোতলজাত সয়াবিন তেল লিটারপ্রতি ২০৭ টাকা, অপরিবর্তিত পামের দাম

আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, আমদানি ব্যয় ও দেশের সার্বিক সরবরাহ পরিস্থিতি বিবেচনায় সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৩ টাকা বাড়ানোর...

এই বিভাগের অন্যান্য সংবাদ