spot_img

কৃষিপণ্য রপ্তানি বাড়াতে ইইউর সঙ্গে যৌথ উদ্যোগ চান বাণিজ্যমন্ত্রী

অবশ্যই পরুন

বিশ্ববাজারে বাংলাদেশের কৃষিপণ্যের রপ্তানি বাড়াতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে যৌথ উদ্যোগ ও সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, আন্তর্জাতিক মান নিশ্চিত করার পাশাপাশি আধুনিক প্যাকেজিং ও কার্যকর মান নিয়ন্ত্রণের মাধ্যমে বিদেশি ক্রেতাদের আস্থা অর্জন করতে হবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর শ্যামপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পরিচালিত কেন্দ্রীয় প্যাকিং হাউস পরিদর্শন শেষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ইইউর সঙ্গে সরাসরি সমন্বয় ও সহযোগিতামূলক কার্যক্রম নেওয়া গেলে বাংলাদেশের কৃষিপণ্যের রপ্তানি সম্ভাবনা আরও বাড়বে। এ জন্য কৃষিপণ্যের আন্তর্জাতিক মান বজায় রাখা এবং রপ্তানি প্রক্রিয়ায় প্রয়োজনীয় সক্ষমতা বাড়াতে হবে।

কৃষির আধুনিকায়ন ও উৎপাদনশীলতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, মাটির গুণাগুণ ও পুষ্টিমান সম্পর্কে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বৈজ্ঞানিক পদ্ধতিতে ফসল উৎপাদন করতে হবে। মাটিতে ফসফরাস, জিংক, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের মতো প্রয়োজনীয় উপাদানের ঘাটতি চিহ্নিত করে সে অনুযায়ী সার প্রয়োগ করা গেলে উৎপাদন বাড়ানো সম্ভব।

এ লক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলের মাটির গুণাগুণ ও পুষ্টিমানভিত্তিক মানচিত্র বা সয়েল ম্যাপিং তৈরির নির্দেশনা দেন মন্ত্রী। অঞ্চল ও মৌসুমভেদে কোন ফসলের জন্য কোন এলাকার মাটি বেশি উপযোগী, তা চিহ্নিত করে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার কথাও বলেন তিনি।

কেন্দ্রীয় প্যাকিং হাউসের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে প্রতিষ্ঠানটির মাধ্যমে ৫ হাজার ২৫৭ দশমিক ৪১ মেট্রিক টন কৃষিপণ্য রপ্তানি হয়েছে। আগের অর্থবছরে এ পরিমাণ ছিল ৪ হাজার ১৫৫ দশমিক ৪৯ মেট্রিক টন। সে হিসাবে এক বছরে রপ্তানি বেড়েছে প্রায় ২৬ দশমিক ৫ শতাংশ।

গত অর্থবছরে রপ্তানি হওয়া কৃষিপণ্যের মধ্যে তাজা ফল ছিল ৩ হাজার ১০৫ দশমিক ৯৯ মেট্রিক টন, তাজা শাকসবজি ১ হাজার ৯২৫ দশমিক ৮৩ মেট্রিক টন এবং মসলা ও অন্যান্য কৃষিপণ্য ২২৫ দশমিক ৫৯ মেট্রিক টন।

রপ্তানিকৃত ফলের মধ্যে এগিয়ে রয়েছে আম, কাঁঠাল ও লেবুজাতীয় ফল। ওই অর্থবছরে ১ হাজার ৯৫ দশমিক ৯৯ মেট্রিক টন আম, ৭১৯ দশমিক ২২ মেট্রিক টন কাঁঠাল এবং ৬৫২ দশমিক ৭৮ মেট্রিক টন লেবুজাতীয় ফল রপ্তানি হয়েছে।

এ ছাড়া শিম, লাউ, কচুজাতীয় সবজি, পটোল, চিচিঙ্গা ও পেঁপেসহ বিভিন্ন কৃষিপণ্য বিদেশে যাচ্ছে। বাংলাদেশের এসব পণ্যের উল্লেখযোগ্য বাজার যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি, পর্তুগাল, স্পেন, সুইজারল্যান্ড, মাল্টা, সুইডেন, আয়ারল্যান্ড, অস্ট্রিয়া, বেলজিয়াম ও গ্রিস।

কেন্দ্রীয় প্যাকিং হাউসের কার্যক্রম শুরুর আগে বাংলাদেশের কৃষিপণ্যের মানসংক্রান্ত অসংগতির বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন থেকে প্রতিবছর প্রায় ১২০ থেকে ১৭০টি নন-কমপ্লায়েন্স নোটিফিকেশন আসত। প্রতিষ্ঠানটি চালুর পর এ সংখ্যা বছরে গড়ে ১৫ থেকে ২০টিতে নেমে এসেছে।

সংশ্লিষ্টদের মতে, কঠোর মান নিয়ন্ত্রণ, বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা, ফাইটোস্যানিটারি ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক রপ্তানি মানদণ্ড অনুসরণের ফলে এ অগ্রগতি হয়েছে।

বিশেষ করে আম রপ্তানিতে উল্লেখযোগ্য সাফল্য এসেছে। ১ হাজার ৪৫৭টি চালানে প্রায় ১ হাজার ৯৫ মেট্রিক টন আম রপ্তানি হয়েছে। এসব চালানের বিপরীতে কোনো নন-কমপ্লায়েন্স নোটিফিকেশন পাওয়া যায়নি।

রপ্তানি প্রক্রিয়া আধুনিক করতে ২০১৭-১৮ অর্থবছর থেকে কেন্দ্রীয় প্যাকিং হাউসের মাধ্যমে শতভাগ কম্পিউটারাইজড ফাইটোস্যানিটারি সার্টিফিকেট দেওয়া হচ্ছে।

এ ছাড়া রপ্তানিযোগ্য উদ্ভিদ ও উদ্ভিদজাত পণ্যের পরীক্ষা, ক্ষতিকর বালাই শনাক্তকরণ এবং কীটনাশকের অবশিষ্টাংশ নির্ণয়ের কাজ করা হচ্ছে। নিজস্ব তালা ও সিলগালা ব্যবহারের মাধ্যমে বিমানবন্দর পর্যন্ত রপ্তানিপণ্যের নিরাপদ পরিবহন নিশ্চিত করা হচ্ছে।

কৃষি ও প্রক্রিয়াজাত কৃষিপণ্যের আন্তর্জাতিক মান নিশ্চিত করতে কেন্দ্রীয় প্যাকিং হাউসের প্রাতিষ্ঠানিক ও কারিগরি সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন বাণিজ্যমন্ত্রী। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদার, মান নিয়ন্ত্রণ এবং প্যাকেজিং ব্যবস্থার আধুনিকায়নে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।

কেন্দ্রীয় প্যাকিং হাউসের মাধ্যমে ২০২১-২২ থেকে ২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত ২১ হাজার ৫১৬টি ফাইটোস্যানিটারি সার্টিফিকেট দেওয়া হয়েছে। এসব সনদ থেকে রাজস্ব আয় হয়েছে ১ কোটি ১২ লাখ ৬৬ হাজার ২৩ টাকা।

শুধু ২০২৫-২৬ অর্থবছরে ৪ হাজার ৫০৪টি ফাইটোস্যানিটারি সার্টিফিকেট দিয়ে ২৩ লাখ ৫৬ হাজার ১১০ টাকা রাজস্ব আয় হয়েছে।

মতবিনিময় সভায় কেন্দ্রীয় প্যাকিং হাউসের কার্যক্রম, অবকাঠামোগত ও কারিগরি সক্ষমতা, কৃষিপণ্যের মান নিয়ন্ত্রণ, আধুনিক প্যাকেজিং এবং আন্তর্জাতিক বাজারের চাহিদা পূরণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

সভা শেষে মন্ত্রী কেন্দ্রীয় প্যাকিং হাউসের বিভিন্ন পরীক্ষাগার পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট টেকনিশিয়ানদের সঙ্গে কথা বলেন এবং কৃষিপণ্যের পরীক্ষা-নিরীক্ষা ও মান নিয়ন্ত্রণ কার্যক্রম সম্পর্কে অবহিত হন।

এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংগনিরোধ উইংয়ের অতিরিক্ত পরিচালক ড. আমিরুল বাহরাইন, প্রকল্প পরিচালক শোয়েব আহমেদ, কেন্দ্রীয় প্যাকিং হাউসের উপপরিচালক (ভারপ্রাপ্ত) সজীব মুখার্জী, অতিরিক্ত উপপরিচালক আবু আহমেদ তারিফসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

ডিসেম্বরে কেউ আসবে না, একমাত্র শীত আসবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ছাত্র-জনতার গণঅভুত্থ্যানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরা ইস্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, ডিসেম্বরে কেউ আসবে না, একমাত্র...

এই বিভাগের অন্যান্য সংবাদ