ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। শাকিবের সঙ্গে তার সম্পর্ক ভালো এবং বন্ধুত্বপূর্ণ বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে অতীতে শাকিবকে নিয়ে করা কিছু মন্তব্যের পেছনে নিজের রাগ ও অভিমান কাজ করেছিল বলেও স্বীকার করেছেন এই অভিনেত্রী।
সম্প্রতি রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘সোহানা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ড ২০২৬’-এর তৃতীয় আসরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মিষ্টি জান্নাত।
শাকিব খানকে নিয়ে নতুন করে কোনো বিতর্কে জড়াতে চান না জানিয়ে মিষ্টি বলেন, শাকিব তাকে নিজের সম্পর্কে উদ্ভট কিছু না বলার পরামর্শ দিয়েছেন। তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, বরং বেশ ভালো সম্পর্ক ও বন্ধুত্ব রয়েছে। একসময় শাকিবের ওপর অভিমান থেকেই অনেক কথা বলে ফেলেছিলেন তিনি।
শাকিবের নাম ব্যবহার করে আলোচনায় আসার অভিযোগও নাকচ করেন এই অভিনেত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, শাকিবের সঙ্গে তাকে একসঙ্গে দেখতে দর্শকেরা পছন্দ করেন। তাদের সম্পর্কের আন্তরিকতার উদাহরণ তুলে ধরে মিষ্টি জানান, শাকিব তাকে বাসায় দাওয়াত দিয়েছেন, তার মা মিষ্টির জন্য খাবার রান্না করেছেন। একসঙ্গে বিমানে ভ্রমণ এবং হাত ধরে ছবি তোলার ঘটনাও ঘটেছে। এসব কিছুই মিথ্যা নয়।
শাকিব খানের ব্যক্তিত্বের প্রশংসা করে মিষ্টি বলেন, তিনি মানুষকে সম্মান করতে জানেন। তার কাছ থেকেই মানুষের সামনে অন্যের সমালোচনা না করা এবং সবার সঙ্গে সৌজন্য বজায় রাখার শিক্ষা পেয়েছেন। দীর্ঘদিন ধরে নিজের তারকাখ্যাতি ধরে রাখাও যে কঠিন বিষয়, সেটিও উল্লেখ করেন তিনি।
নিজের ক্যারিয়ারের কঠিন সময়েও শাকিবের কাছ থেকে অনুপ্রেরণা পাওয়ার কথা জানান মিষ্টি। একসময় অভিনয় ছেড়ে দেওয়ার কথা ভাবলেও শাকিবের ক্যারিয়ারের কঠিন সময় পেরিয়ে নতুন করে ঘুরে দাঁড়ানোর ঘটনা তাকে সাহস জুগিয়েছে। মাঝপথে থেমে না গিয়ে আবারও শুরু করা সম্ভব বলে মনে করেন তিনি।
এদিকে বিয়ে ও সন্তান নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাবেও নিজের অবস্থান পরিষ্কার করেছেন এই অভিনেত্রী। ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জনে আগ্রহী নন বলে জানান তিনি।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর রাজধানীর একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে র্যাম্পে হাঁটার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান মিষ্টি জান্নাত। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে বাসায় বিশ্রামে রয়েছেন তিনি।

