spot_img

ইসরায়েলের তৈরি ৪টি স্পাইডার এয়ার ডিফেন্স সিস্টেম পেলো চেক প্রজাতন্ত্র

অবশ্যই পরুন

ইসরায়েলের রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমসের কাছ থেকে কেনা চারটি স্পাইডার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সবকটি হাতে পেয়েছে চেক প্রজাতন্ত্র। দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিকায়নের অংশ হিসেবে এই চুক্তি করা হয়েছিল।

রোববার (২০ সেপ্টেম্বর) চেক প্রতিরক্ষামন্ত্রী জারোমির জুনা জানান, দেশটি কেনা চারটি স্পাইডার সিস্টেমের সবকটি গ্রহণ করেছে। ইউরোপের অন্যতম বৃহৎ প্রতিরক্ষা ও নিরাপত্তাবিষয়ক প্রদর্শনী ‘নেটো ডেজ’-এ সিস্টেমগুলো জনসমক্ষে প্রদর্শন করা হয়। চেক প্রজাতন্ত্রের ওস্ত্রাভা শহরে অনুষ্ঠিত ওই আয়োজনে সম্পূর্ণ স্পাইডার ডিফেন্স সিস্টেমগুলো জনগণের সামনে প্রদর্শন করা হয়।

জারোমির জুনা বলেন, ‘এই উপলক্ষে সম্পূর্ণ স্পাইডার সিস্টেম সাধারণ মানুষের সামনে উপস্থাপন করতে পেরে আমি আনন্দিত।’

তিনি আরও বলেন, এই ব্যবস্থা চালু হওয়া আকাশ প্রতিরক্ষার ক্ষেত্রে প্রযুক্তিগত ও সক্ষমতার দিক থেকে বড় ধরনের পরিবর্তন আনবে। একইসঙ্গে দেশের আকাশসীমায় আধুনিক ও স্তরভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

চেক প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ২০২১ সালে, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও চেক প্রজাতন্ত্রের মধ্যে হওয়া সরকার-টু-সরকার (জি-২-জি) চুক্তির আওতায় স্পাইডার সিস্টেমগুলো সরবরাহ করা হয়েছে।

চেক প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, স্পাইডার ব্যবস্থা ন্যাটোর সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে পুরোপুরি যুক্ত করা হয়েছে। এর রক্ষণাবেক্ষণ ও কারিগরি সেবাও পুরোপুরি চেক প্রজাতন্ত্রের ভেতরেই দেওয়া হবে।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, চেক আকাশসীমার জন্য একটি সমন্বিত ও পূর্ণাঙ্গ আকাশ প্রতিরক্ষা সক্ষমতায় রূপ নিচ্ছে এই কর্মসূচি। তাদের ভাষ্য, প্রতিরক্ষা সরঞ্জাম রফতানিকে নিজেদের সামরিক সক্ষমতা বৃদ্ধি, পররাষ্ট্রনীতির লক্ষ্য এগিয়ে নেওয়া এবং প্রতিরক্ষা শিল্প ও অর্থনীতির প্রবৃদ্ধির অন্যতম ভিত্তি হিসেবে দেখছে ইসরায়েল।

স্পাইডার একটি মোবাইল ও দ্রুত প্রতিক্রিয়াশীল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বিভিন্ন ধরনের আকাশপথের হুমকি মোকাবিলায় এটি তৈরি করা হয়েছে। চেক প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, স্থির স্থাপনার পাশাপাশি যুদ্ধক্ষেত্রে চলমান সামরিক ইউনিটকেও সুরক্ষা দিতে পারবে এই ব্যবস্থা।

রাফায়েলের স্পাইডার পরিবারের মধ্যে স্বল্প থেকে দীর্ঘ পাল্লার বিভিন্ন সংস্করণ রয়েছে।

ব্যবস্থাটির মূল অস্ত্র হিসেবে ব্যবহার করা হয় পাইথন-৫ ও ডার্বি ক্ষেপণাস্ত্র। এগুলো মূলত আকাশ-থেকে-আকাশে ব্যবহারের জন্য তৈরি হলেও ভূমি থেকে উৎক্ষেপণের উপযোগী করে স্পাইডার ব্যবস্থায় সংযুক্ত করা হয়েছে। বিমান, হেলিকপ্টার, ড্রোন বা ইউএভি এবং নির্ভুলভাবে লক্ষ্যভেদী বিভিন্ন অস্ত্র মোকাবিলায় এগুলো ব্যবহার করা যায়।

স্পাইডারে ইলেকট্রো-অপটিক্যাল পর্যবেক্ষণ ব্যবস্থা এবং ওয়্যারলেস ডেটা-লিংক যোগাযোগ প্রযুক্তি রয়েছে। সব ধরনের আবহাওয়ায় একই সময়ে একাধিক লক্ষ্যবস্তু মোকাবিলার সক্ষমতাও রয়েছে এই ব্যবস্থার। এর বিভিন্ন সংস্করণ সর্বোচ্চ ১৬০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু মোকাবিলা করতে পারে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

এই ব্যবস্থার সঙ্গে ব্যবহৃত ইএল/এম ২১০৬ রাডারটি ইসরায়েলি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের সহযোগী প্রতিষ্ঠান এলটা তৈরি করেছে। রাডারটি চলন্ত অবস্থাতেও সব ধরনের আবহাওয়ায় একসঙ্গে ৫শ’টি পর্যন্ত লক্ষ্যবস্তু শনাক্ত ও অনুসরণ করতে পারে।

মডুলার নকশার কারণে স্পাইডার ব্যবস্থা স্থির ও চলমান: দুই ধরনের অবস্থানেই মোতায়েন করা সম্ভব। দ্রুত প্রতিক্রিয়ার সক্ষমতার কারণে জটিল আকাশ পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ স্থাপনা ও সামরিক ইউনিটকে সুরক্ষা দেওয়ার জন্য এটি ব্যবহারের উপযোগী করে তৈরি করা হয়েছে।

১৫ বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন দেশের সামরিক বাহিনীতে স্পাইডার ব্যবস্থা কার্যকর রয়েছে। রোমানিয়া, সংযুক্ত আরব আমিরাত, মরক্কো, ভারত, ফিলিপাইন, ভিয়েতনাম ও সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন দেশের সামরিক বাহিনী এই ব্যবস্থা ব্যবহার করছে।

সর্বশেষ সংবাদ

জ্বালানি নীতিতে ধারাবাহিকতা থাকবে: পরিবেশ প্রতিমন্ত্রী

৫ আগস্টের পর দেশের মানুষ ও রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় রাতারাতি পরিবর্তন আসেনি, তাই জ্বালানি ও তেল-গ্যাস খাতে সরকারের নীতিতেও ধারাবাহিকতা...

এই বিভাগের অন্যান্য সংবাদ