spot_img

ঐতিহাসিক মার্কিন জাহাজটি কেন সাগরে ডুবিয়ে দেওয়া হলো

অবশ্যই পরুন

একসময় আটলান্টিক মহাসাগরে যাত্রী পরিবহনের গতির রেকর্ড গড়েছিল যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক জাহাজ ‘এসএস ইউনাইটেড স্টেটস’। সাবেক মার্কিন প্রেসিডেন্ট থেকে শুরু করে হলিউডের তারকা, বিখ্যাত শিল্পী ও সংগীতশিল্পীরা এই জাহাজে ভ্রমণ করেছেন। অথচ বিলাসবহুল ও ঐতিহাসিক সেই জাহাজের শেষ ঠিকানা হয়েছে সমুদ্রের তলদেশ।

গত বুধবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ডেস্টিন উপকূলের কাছে মেক্সিকো উপসাগরে জাহাজটি ইচ্ছাকৃতভাবে ডুবিয়ে দেওয়া হয়। তবে এটি কোনো দুর্ঘটনা নয়। বিশ্বের বৃহত্তম কৃত্রিম প্রবালপ্রাচীর তৈরির পরিকল্পনার অংশ হিসেবেই জাহাজটিকে সমুদ্রের তলদেশে পাঠানো হয়েছে।

জাহাজটি ডুবিয়ে দেওয়ার আগে এর খোলের বিভিন্ন অংশে ছিদ্র করা হয়, যাতে ধীরে ধীরে পানি প্রবেশ করতে পারে। প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলা এ প্রক্রিয়ার শেষ পর্যায়ে একদিকে কাত হয়ে সমুদ্রের তলদেশে চলে যায় জাহাজটি। ইচ্ছাকৃতভাবে কোনো জাহাজ ডুবিয়ে দেওয়ার এ প্রক্রিয়াকে বলা হয় ‘স্কাটলিং’।

কেমন ছিল এসএস ইউনাইটেড স্টেটস

১৯৫০ থেকে ১৯৫১ সালের মধ্যে নির্মিত হয় প্রায় এক হাজার ফুট বা ৩০২ মিটার দীর্ঘ এসএস ইউনাইটেড স্টেটস। আকারে এটি বিখ্যাত টাইটানিক জাহাজের চেয়েও বড় ছিল। টাইটানিকের দৈর্ঘ্য ছিল ৮৮২ ফুট ৯ ইঞ্চি বা ২৬৯ দশমিক ১ মিটার।

১৯৫২ সালে আনুষ্ঠানিক যাত্রা শুরুর পর প্রথমবারেই আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়ার গতির রেকর্ড গড়ে জাহাজটি। মাত্র ৩ দিন ১০ ঘণ্টা ৪০ মিনিটে আটলান্টিক পাড়ি দিয়েছিল এটি। গড় গতি ছিল ঘণ্টায় প্রায় ৬৬ কিলোমিটার। যাত্রীবাহী জাহাজ হিসেবে আটলান্টিক পাড়ি দেওয়ার সেই রেকর্ড এখনো অক্ষত রয়েছে।

প্রায় ১৭ বছর ধরে হাজার হাজার যাত্রী বহন করেছে এসএস ইউনাইটেড স্টেটস। এর যাত্রীদের তালিকায় ছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি, বিল ক্লিনটন, হ্যারি ট্রুম্যান ও ডোয়াইট আইজেনহাওয়ার। এ ছাড়া হলিউড তারকা মেরিলিন মনরো, এলিজাবেথ টেলর, মার্লন ব্র্যান্ডো, চিত্রশিল্পী সালভাদর দালি এবং জ্যাজ সংগীতশিল্পী ডিউক এলিংটনও এই জাহাজে ভ্রমণ করেছেন।

তবে ১৯৬৯ সালে জাহাজটিতে যাত্রী পরিবহন বন্ধ হয়ে যায়।

কেন ডুবিয়ে দেওয়া হলো জাহাজটি

যাত্রী পরিবহন বন্ধ হওয়ার পর বছরের পর বছর ফিলাডেলফিয়া বন্দরে অচল অবস্থায় পড়ে ছিল জাহাজটি। বিভিন্ন সময়ে এর মালিকানা পরিবর্তন হলেও সংরক্ষণ ও সংস্কারের উদ্যোগ সফল হয়নি। একপর্যায়ে রক্ষণাবেক্ষণের ব্যয়ও অনেক বেড়ে যায়।

২০২১ সালে ফিলাডেলফিয়া বন্দর কর্তৃপক্ষ জাহাজটি নোঙর করে রাখার দৈনিক মাশুল বাড়িয়ে ১ হাজার ৭০০ ডলার নির্ধারণ করে। এতে জাহাজটি সংরক্ষণের দায়িত্বে থাকা অলাভজনক সংস্থা এসএস ইউনাইটেড স্টেটস কনজারভেটরির পক্ষে ব্যয় বহন করা কঠিন হয়ে পড়ে।

পরে ২০২৪ সালে ফ্লোরিডার ওকালুসা কাউন্টি ১০ লাখ ডলারে জাহাজটি কিনে নেয়। তাদের পরিকল্পনা ছিল, এটিকে বিশ্বের বৃহত্তম কৃত্রিম প্রবালপ্রাচীরে রূপান্তর করা।

কাউন্টি কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজটিকে সামুদ্রিক প্রাণীর জন্য নিরাপদ আবাসস্থলে পরিণত করতে প্রায় এক বছর ধরে প্রস্তুতি নেওয়া হয়েছে। পরিবেশের ক্ষতি করতে পারে এমন উপাদান সরিয়ে নিয়ন্ত্রক সংস্থাগুলোর নির্ধারিত মানদণ্ড মেনেই জাহাজটি ডুবানো হয়েছে।

তাদের প্রত্যাশা, জাহাজটি সমুদ্রের তলদেশে নতুন সামুদ্রিক আবাসস্থল তৈরি করবে। এতে মাছ ও অন্যান্য সামুদ্রিক প্রাণীর বসবাসের সুযোগ বাড়বে। পাশাপাশি জাহাজটি দেখতে দেশ-বিদেশের ডুবুরিদের আগমন ঘটবে, যা ফ্লোরিডার পর্যটন ও মৎস্য খাতের জন্য নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।

কৃত্রিম প্রবালপ্রাচীর তৈরি করতে জাহাজ ডোবানো হয় কেন

সমুদ্রের তলদেশে ডুবে থাকা জাহাজ অনেক সময় সামুদ্রিক প্রাণীর প্রাকৃতিক আবাসস্থলে পরিণত হয়। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকোর ২০০৭ সালের এক প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের সাগর-মহাসাগরের তলদেশে আনুমানিক ৩০ লাখ জাহাজ ডুবে রয়েছে।

এসব জাহাজের কাঠামোতে প্রবাল, বার্নাকল, ইল, স্ন্যাপারসহ বিভিন্ন সামুদ্রিক প্রাণী আশ্রয় নেয়। এ কারণে নির্দিষ্ট পরিকল্পনায় জাহাজ ডুবিয়ে কৃত্রিম প্রবালপ্রাচীর তৈরি করা হয়।

তবে এ ধরনের উদ্যোগের আগে জাহাজ থেকে জ্বালানি, তেল, রং, বৈদ্যুতিক তার ও পরিবেশের জন্য ক্ষতিকর উপাদান সরিয়ে ফেলতে হয়। যাতে ডুবিয়ে দেওয়ার পর সামুদ্রিক পরিবেশ দূষিত না হয়।

জাহাজ ছাড়াও যেসব উপায়ে তৈরি হয় কৃত্রিম প্রবালপ্রাচীর

কৃত্রিম প্রবালপ্রাচীর তৈরিতে শুধু পুরোনো জাহাজ নয়, তেল ও গ্যাস উত্তোলন কাঠামো, কংক্রিটের ব্লক, রেলের বগি এবং বিশেষভাবে তৈরি ইস্পাতের কাঠামোও ব্যবহার করা হয়।

যুক্তরাষ্ট্রের মেক্সিকো উপসাগরে ১৯৮৪ সালে শুরু হওয়া ‘রিগস টু রিফস’ কর্মসূচির আওতায় ৬০০টির বেশি পুরোনো তেল ও গ্যাস উত্তোলন কাঠামো কৃত্রিম প্রবালপ্রাচীর হিসেবে ব্যবহার করা হয়েছে।

এ ছাড়া নিউইয়র্ক নগরের অবসরে পাঠানো পাতালরেলের বগি, পুরোনো গাড়ির টায়ার ও বিভিন্ন কংক্রিটের কাঠামোও কৃত্রিম প্রবালপ্রাচীর তৈরিতে ব্যবহার করা হয়েছে।

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডেও বিভিন্ন সময়ে কংক্রিটের ব্লক, রিফ বল, ফিশ বক্স ও বিশেষভাবে তৈরি ইস্পাতের কাঠামো দিয়ে কৃত্রিম প্রবালপ্রাচীর স্থাপন করা হয়েছে। ২০১৮ সালে মোরটন বে মেরিন পার্কে কংক্রিটের ব্লক ব্যবহার করে অষ্টম কৃত্রিম প্রবালপ্রাচীর তৈরি করে রাজ্য সরকার।

অন্যদিকে ইংল্যান্ডের সাসেক্স উপকূলের কাছে একটি বায়ুবিদ্যুৎ টারবাইনের গোড়ায় বিশেষভাবে তৈরি ৭৫ হাজার রিফ কিউব বসিয়ে কৃত্রিম প্রবালপ্রাচীর গড়ে তোলা হয়েছে। এসব কাঠামো সামুদ্রিক প্রাণীর আবাসস্থল তৈরির পাশাপাশি ঢেউ ও স্রোতের কারণে টারবাইনের গোড়ার ক্ষয় রোধেও সহায়তা করে।

সব মিলিয়ে একসময় বিশ্বের দ্রুততম যাত্রীবাহী জাহাজ হিসেবে পরিচিত এসএস ইউনাইটেড স্টেটসের নতুন পরিচয় এখন সমুদ্রের তলদেশের কৃত্রিম প্রবালপ্রাচীর। ইতিহাসের এক অধ্যায় শেষ হলেও সামুদ্রিক প্রাণীর নতুন আবাসস্থল ও পর্যটনের আকর্ষণ হয়ে নতুনভাবে যাত্রা শুরু করল জাহাজটি।

সর্বশেষ সংবাদ

রেইন্ডার্সের হ্যাটট্রিকে গ্রিসের জালে ৭ গোল নেদারল্যান্ডসের

উয়েফা নেশনস লিগে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে নেদারল্যান্ডস। তিজানি রেইন্ডার্সের প্রথমার্ধের চোখ ধাঁধানো হ্যাটট্রিকে ভর করে অপরাজিত গ্রিসকে...

এই বিভাগের অন্যান্য সংবাদ