spot_img

‘যথেষ্ট মিথ্যাচার হয়েছে’, বিস্ফোরক মন্তব্য নেইমারের

অবশ্যই পরুন

সমালোচনা যেন পিছুই ছাড়ছে না নেইমারের। বিশ্বকাপের অনুশীলন বাদ দিয়ে পোকার টুর্নামেন্টে খেলতে গিয়ে সম্প্রতি তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন ব্রাজিলিয়ান এই তারকা। শাপেকোয়েন্সের বিপক্ষে গোল করে মাঠেই সমালোচকদের জবাব দেন অভিনব উদ্‌যাপনে। কিন্তু ম্যাচ শেষ হতেই নতুন বিতর্ক। এবার অভিযোগ ওঠে, বিরতির সময় ড্রেসিংরুমে তরুণ সতীর্থদের অপমান করেছেন তিনি। তবে এসব অভিযোগকে ‘বিদ্বেষপূর্ণ মিথ্যাচার’ বলে উড়িয়ে দিয়েছেন নেইমার। খবর গোল ডটকমের

ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো এসপোর্তের এক প্রতিবেদনে দাবি করা হয়, ব্রাজিলিয়ান লিগে শাপেকোয়েন্সের বিপক্ষে ২–২ গোলে ড্র হওয়া ম্যাচের বিরতিতে সান্তোসের দুই তরুণ খেলোয়াড় গ্যাব্রিয়েল বন্তেম্পো ও জোয়াও আনানিয়াসকে কঠোর ভাষায় গালমন্দ করেন নেইমার। প্রতিবেদনে আরও বলা হয়, আত্মঘাতী গোল করা আনানিয়াসের সামর্থ্য নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এতে ড্রেসিংরুমে খেলোয়াড়, কোচিং স্টাফ ও ক্লাব পরিচালকদের মধ্যে অস্বস্তির সৃষ্টি হয় বলে দাবি করা হয়।

তবে অভিযোগগুলো অস্বীকার করেছেন নেইমার। ইনস্টাগ্রামে প্রকাশ করা এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘ড্রেসিংরুমে আমি তরুণ খেলোয়াড়দের বকেছি; এমন গুজব ছড়ানো হচ্ছে। এটা একেবারেই সত্য নয়। যারা এসব কথা ছড়িয়েছে, তাদের বলছি, মিথ্যা বলবেন না।’

নেইমার দাবি করেন, বিরতির সময় তিনি কোনো নির্দিষ্ট খেলোয়াড়কে নয়, পুরো দলকেই উদ্দেশ্য করে কথা বলেছেন। তার ভাষ্য, ‘ড্রেসিংরুমে থাকা যে কাউকে জিজ্ঞেস করতে পারেন। আমি পুরো দলকেই বলেছি। আমরা সবাই জিততে চাই, তাই এমন আলোচনা স্বাভাবিক। কিন্তু কোনো তরুণ খেলোয়াড়কে আলাদা করে অপমান করা হয়নি।’

মিথ্যা তথ্য প্রচারের বিরুদ্ধেও কড়া অবস্থানের ঘোষণা দিয়েছেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। তিনি বলেন, ‘এখন থেকে ইন্টারনেটে ছড়ানো এসব মিথ্যা আমি মেনে নেব না। ড্রেসিংরুমে আলোচনা বা তিরস্কার ফুটবলের স্বাভাবিক অংশ। যারা এসব বিদ্বেষপূর্ণ ও মিথ্যা খবর প্রকাশ করে, তারা ফুটবল বোঝে না, কখনো কোনো দলের অংশও ছিল না।’

শাপেকোয়েন্সের বিপক্ষে ম্যাচেও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন নেইমার। প্রথমার্ধে গোল করার পর পোকার খেলার ভঙ্গিতে উদ্‌যাপন করেন। এরপর কর্নার ফ্ল্যাগকে গলফ ক্লাবের মতো ব্যবহার করে উদ্‌যাপন করেন, যা অনেকের মতে সমালোচকদের উদ্দেশে তার প্রতীকী বার্তা। ম্যাচের শেষ দিকে প্রতিপক্ষের দুই খেলোয়াড়কে ধাক্কা দিয়ে হলুদ কার্ড দেখেন তিনি। আগের হলুদ কার্ডের সঙ্গে সেটি যোগ হওয়ায় কার্ড-সংক্রান্ত নিষেধাজ্ঞার কারণে সান্তোসের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না নেইমার।

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ একদিন বিশ্বকাপ খেলবে: আর্জেন্টাইন কিংবদন্তি ক্যানিজিয়া

আর্জেন্টিনার ফুটবল নিয়ে বাংলাদেশের মানুষের উন্মাদনার গল্প এখন আর দেশের সীমানায় আটকে নেই। বিশ্বকাপ এলেই আর্জেন্টিনার পতাকায় ছেয়ে যায়...

এই বিভাগের অন্যান্য সংবাদ