ক্যারিয়ারে প্রথমবারের মতো হ্যাটট্রিকের দেখা পেয়েছেন প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) মরক্কান ডিফেন্ডার আশরাফ হাকিমি। তার দুর্দান্ত পারফরম্যান্সে জয় পেয়েছে ফরাসি ও ইউরোপীয় চ্যাম্পিয়নরা। একই সঙ্গে কোচ লুইস এনরিকের অধীনে নতুন ইতিহাস গড়েছে পিএসজি।
শুক্রবার (৩০ অক্টোবর) ম্যাচের শুরুতে অবশ্য অপ্রত্যাশিত বিপর্যয়ের শঙ্কায় পড়ে পিএসজি। জয়হীন স্বাগতিকদের হয়ে ১৮ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন সান্ডারল্যান্ড ও ওয়েস্ট ব্রমের সাবেক ফরোয়ার্ড জশ মাজা।
তবে দ্রুতই ঘুরে দাঁড়ায় পিএসজি। অধিনায়ক হাকিমির পাস থেকে সমতাসূচক গোল করেন মিকা গডটস। এর দুই মিনিট পরই দারুণ ফিনিশিংয়ে দলকে এগিয়ে দেন হাকিমি। দ্বিতীয়ার্ধের শুরুতে প্রায় ২০ গজ দূর থেকে দুর্দান্ত ফ্রি-কিকে নিজের দ্বিতীয় গোলটি করেন ২৭ বছর বয়সী এই ডিফেন্ডার।
মৌসুমে এর আগে কোনো গোল না পাওয়া হাকিমি ৬৯ মিনিটে পূর্ণ করেন ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক। এ ক্ষেত্রে কিছুটা সৌভাগ্যও ছিল তার। তার বাড়ানো থ্রু পাস থেকে পিএসজির হয়ে চতুর্থ গোলটি করেন সেনি মায়ুলু। সেই বলের পরবর্তী পরিস্থিতিতে হাকিমির নামেও গোল যোগ হয়।
ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ক্যারিয়ারের ৪৮৬তম ম্যাচে এসে প্রথম হ্যাটট্রিকের দেখা পেলেন হাকিমি।
এই জয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা নবম জয় তুলে নিয়েছে পিএসজি। লিগে এটি তাদের টানা ষষ্ঠ জয়। অথচ মৌসুমের প্রথম তিন ম্যাচ থেকে মাত্র এক পয়েন্ট পেয়েছিল দলটি।
এদিকে চোটের কারণে দলের গুরুত্বপূর্ণ দুই আক্রমণভাগের খেলোয়াড় উসমান দেম্বেলে ও খভিচা কাভারাটস্খেলিয়া এখনও মাঠের বাইরে। সোমবার লিওঁর বিপক্ষে ২-০ গোলের জয়ের পর শুরুর একাদশে পাঁচটি পরিবর্তন এনেছিলেন কোচ লুইস এনরিকে।

