জাকজমকপূর্ণ সমাপনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ রাতে পর্দা নামতে যাচ্ছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত বিশ্বকাপ ফুটবলের এবারের আসরের। পপ কুইন ম্যাডোনা, শাকিরা, বিটিএস থেকে শুরু করে হলিউড মেগাস্টার টম ক্রুজের উপস্থিতি স্পেন বনাম আর্জেন্টিনার মাঠের লড়াইয়ের পাশাপাশি বিশ্ববাসী সাক্ষী হতে যাচ্ছে আমেরিকান ‘সুপার বোল’ স্টাইলের এক চোখধাঁধানো উপলক্ষের।
ম্যাচ শুরুর ঠিক দেড় ঘণ্টা আগে শুরু হবে মূল সমাপনী অনুষ্ঠান। এবারের থিম ‘আ নাইট টু রিমেম্বার’। আলোকোজ্জ্বল স্টেডিয়ামে সুরের জাদু ছড়াতে মঞ্চে উঠবেন বিশ্বখ্যাত পপ তারকা পোস্ট ম্যালোন, লরা পাউসিনি এবং রবি উইলিয়ামস। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন ওয়ান রিপাবলিক।
তবে সবচেয়ে বড় চমক হিসেবে থাকছেন হলিউড মেগাস্টার টম ক্রুজ, যার একটি বিশেষ উপস্থিতি গ্যালারির উন্মাদনা বাড়িয়ে দেবে বহুগুণ। ম্যাচ শুরুর ঠিক আগে আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশন করবেন অস্কারজয়ী জেনিফার হাডসন।
বিনোদনের আসল ধামাকা অপেক্ষা করছে প্রথমার্ধের শেষে। ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো যুক্ত হওয়া ১১ মিনিটের ‘হাফ-টাইম শো’-তে পারফর্ম করবেন পপ কুইন ম্যাডোনা, শাকিরা, জাস্টিন বিবার এবং কে-পপ জায়ান্ট বিটিএস। কোল্ডপ্লে ব্যান্ডের ক্রিস মার্টিনের কিউরেশনে তৈরি এই শো-টি হতে যাচ্ছে ইতিহাসের অন্যতম ব্যয়বহুল আয়োজন।
এদিন ঐতিহ্য আর আধুনিক প্রযুক্তির এক অপূর্ব ফিউশন দেখা যাবে থ্রি-ডি লেজার শো এবং স্টেডিয়ামের আকাশজুড়ে ড্রোন ও আতশবাজির মেলার মাধ্যমে। আর তারপরই মাঠের লড়াইয়ে একদলের শিরোপা জয়ের মধ্যে দিয়ে পর্দা নামবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের।

