ইরানের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রশাসনের ভেতরেই যখন মতপার্থক্যের ইঙ্গিত মিলছে, তখন সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করলেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে সরাসরি প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বলেছেন, যুদ্ধ নিয়ে এত বক্তব্য না দিয়ে নিজের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কেন এসব কথা বলছেন না?
ইরানের সংবাদমাধ্যম আইআরআইবির বরাতে পার্সটুডে জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ভ্যান্সকে উদ্দেশ করে এই মন্তব্য করেন কলিবফ।
বার্তায় যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থাকে হেরে যাওয়া এক জুয়াড়ির সঙ্গে তুলনা করেন তিনি।
কলিবফ লেখেন, ‘যুক্তরাষ্ট্র এমন এক জুয়াড়ির অনুভূতি প্রকাশ করছে, যে বারবার হেরে যাচ্ছে, অথচ আর জুয়ার টেবিল ছেড়ে উঠে আসতে পারছে না।’
তিনি আরও লেখেন, ‘যুক্তরাষ্ট্র যখন ইসরায়েলের জন্য প্রথমে খাদের কিনারায় দাঁড়িয়ে আছে, তখন তোমার প্রেসিডেন্ট যুদ্ধের পরবর্তী পর্যায়ের প্রস্তুতি নিচ্ছেন।’
ভ্যান্সের বক্তব্যকে কটাক্ষ করে ইরানের স্পিকার বলেন, ‘এই টেড (TED) বক্তৃতার কথা বাদই দিলাম; তুমি এই কথাগুলো তোমার বসকে বলছ না কেন?’
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় পরাজয়ের পর ইরান যুদ্ধের রাজনৈতিক ও অর্থনৈতিক মূল্য নিয়ে কথা বলেছেন জেডি ভ্যান্স।
এক্সে দেওয়া দীর্ঘ পোস্টে তিনি দাবি করেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধের কারণেই রিপাবলিকানরা নির্বাচনে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। তাঁর মতে, দলের এই পরাজয়ের পেছনে যুদ্ধের প্রভাব স্বীকার করে নেওয়া প্রয়োজন।
ভ্যান্সের এই বক্তব্যের পরই প্রতিক্রিয়া জানান গালিবাফ। তাঁর মন্তব্যের মূল লক্ষ্য ছিল, যুদ্ধের বিরোধিতা বা এর রাজনৈতিক মূল্য নিয়ে কথা বলার পাশাপাশি ভ্যান্সের উচিত প্রেসিডেন্ট ট্রাম্পের কাছেও সরাসরি নিজের অবস্থান তুলে ধরা।
এদিকে ট্রাম্পও নির্বাচনে পরাজয়ের পেছনে ইরান যুদ্ধের প্রভাব থাকার কথা স্বীকার করেছেন। তবে যুদ্ধ শুরু করার সিদ্ধান্তকে সমর্থন করে তিনি বলেছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতেই যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নিয়েছিল।
ফলে নির্বাচনী পরাজয়ের পর যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি ও ইরান যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য আরও আলোচনায় এসেছে।

