spot_img

আইসিএপিপির সাধারণ অধিবেশনে ভাইস চেয়ারপারসন হলেন ইসমাঈল জবিউল্লাহ

অবশ্যই পরুন

এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজের (আইসিএপিপি) ১৩তম সাধারণ অধিবেশনের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাঈল জবিউল্লাহ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের দ্য শিলা সিউল হোটেলে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। দেশটির ক্ষমতাসীন মিনজু (ডেমোক্রেটিক) পার্টি ও বিরোধী দল পিপল পাওয়ার পার্টি যৌথভাবে এ অধিবেশনের আয়োজন করেছে।

সম্মেলনের প্রথম প্ল্যানারি সেশনে বক্তব্য দেন ইসমাঈল জবিউল্লাহ। এ সময় তিনি বিশ্বজুড়ে রাজনৈতিক অস্থিরতা, সংঘাত ও আস্থার সংকট মোকাবিলায় গণতন্ত্র, সুশাসন, আইনের শাসন এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানান।

সম্মেলনের প্রতিপাদ্য ‘পরিবর্তনশীল বিশ্বে আস্থা পুনর্গঠন’ সময়োপযোগী উল্লেখ করে তিনি বলেন, বৈশ্বিক শান্তি ও সমৃদ্ধির জন্য পারস্পরিক আস্থা পুনঃপ্রতিষ্ঠা জরুরি। গণতন্ত্র শুধু নির্বাচনী প্রক্রিয়া নয়, বরং জনগণ ও রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিদের মধ্যে একটি সামাজিক চুক্তি। এর ভিত্তি হতে হবে জবাবদিহি, স্বচ্ছতা, আইনের শাসন এবং মৌলিক অধিকারের প্রতি শ্রদ্ধা।

ইসমাঈল জবিউল্লাহ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জনগণের দেওয়া ম্যান্ডেটকে শুধু ক্ষমতা প্রয়োগের সুযোগ হিসেবে নয়, বরং জনগণের সেবা করার দায়িত্ব হিসেবে বিবেচনা করে। প্রধানমন্ত্রী সংঘাতের পরিবর্তে সংলাপের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠায় বিশ্বাসী।

ফিলিস্তিনসহ মধ্যপ্রাচ্যের মানবিক বিপর্যয় নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, ভূরাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে মানবজীবনের মর্যাদাকে স্থান দিতে হবে। আন্তর্জাতিক নীতি ও আদর্শ সবার ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ করা প্রয়োজন।

আন্তমহাদেশীয় রাজনৈতিক সংলাপের গুরুত্ব তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, বর্তমান অস্থির বিশ্বে বিভিন্ন মহাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে যোগাযোগ ও সংলাপ আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিএনপি এ ধরনের সংলাপে সক্রিয়ভাবে অংশ নিতে আগ্রহী।

অন্য দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের বিরোধিতা করে তিনি বলেন, কোনো রাজনৈতিক দলের এমনভাবে অন্য দেশের রাজনৈতিক দলকে সমর্থন করা উচিত নয়, যাতে সংশ্লিষ্ট দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন হয়। এ ধরনের হস্তক্ষেপ প্রতিরোধে আইসিএপিপির কার্যকর ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাব দেন তিনি।

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও ঝুঁকি প্রসঙ্গে ইসমাঈল জবিউল্লাহ বলেন, এআই উৎপাদনশীলতা বাড়ানোর সুযোগ তৈরি করলেও লাখ লাখ মানুষের কর্মসংস্থানের জন্য হুমকি হয়ে উঠছে। আধুনিক যুদ্ধব্যবস্থায় এর ব্যবহারও উদ্বেগের কারণ। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর জন্য আইসিএপিপির উদ্যোগে অভিন্ন কৌশলগত নীতিপত্র তৈরির আহ্বান জানান তিনি।

এ ছাড়া জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জাতীয় জিডিপির উপযুক্ত অংশ বরাদ্দ এবং জলবায়ু অর্থায়নে ন্যায্যতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

তরুণদের মধ্যে ভুল তথ্য ও অপতথ্যের নেতিবাচক প্রভাব এবং বিশ্বজুড়ে মানসিক স্বাস্থ্য সংকট নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ইসমাঈল জবিউল্লাহ। তরুণদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় আইসিএপিপিকে উদ্যোগী হওয়ার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতৃত্বের সঙ্গে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ দেন তিনি।

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি বলেন, বিশ্বের ভবিষ্যৎ শুধু জবরদস্তি কিংবা সম্পদের ওপর নির্ভর করবে না; আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো জনগণের আস্থা ও বিশ্বাস ধরে রাখতে কতটা সক্ষম, তার ওপরও তা নির্ভরশীল। এ সময় বাংলাদেশ ও বিএনপির পক্ষ থেকে গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, আইসিএপিপির ১৩তম সাধারণ অধিবেশনে বাংলাদেশের পাঁচটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। বিএনপির প্রতিনিধিদলে ইসমাঈল জবিউল্লাহ ছাড়াও রয়েছেন দলের যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এ ছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জাতীয় পার্টি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধিরাও সম্মেলনে অংশ নিচ্ছেন।

এশিয়ার রাজনৈতিক দলগুলোর মধ্যে সহযোগিতা ও সংলাপ জোরদার, গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নে অভিন্ন উদ্যোগ গ্রহণের লক্ষ্যে আয়োজিত এ সম্মেলন আগামী ৬ নভেম্বর পর্যন্ত চলবে। সম্মেলন শেষে ৭ নভেম্বর প্রতিনিধিদের জন্য দক্ষিণ কোরিয়ার বিভিন্ন সাংস্কৃতিক ও ঐতিহাসিক স্থান পরিদর্শনের কর্মসূচি রয়েছে।

সর্বশেষ সংবাদ

বাড়লো বিমানে ব্যবহৃত জেট ফুয়েলের দাম

ফের বাড়ানো হলো বিমানে ব্যবহৃত জেট ফুয়েলের দাম। নভেম্বর মাসের জন্য অভ্যন্তরীণ ফ্লাইটে ব্যবহৃত প্রতি লিটার জেট ফুয়েলের দাম...

এই বিভাগের অন্যান্য সংবাদ