রাজধানীর গুলশান-২ এলাকার ২৭ কাঠার সরকারি প্লট দখল ও জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আব্দুস সালাম মুর্শেদী, রাজউকের সাবেক চেয়ারম্যান হুমায়ুন খাদেমসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (৬ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক মো. আব্দুস সালাম এ আদেশ দেন।
বিচারক আগামী ১৯ আগস্ট এ মামলার সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করে দিয়েছেন বলে জানা গেছে।
এ মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন– রাজউকের প্রকৌশলী এম আজিজুল হক, সাবেক উপপরিচালক আজহারুল ইসলাম, সাবেক তত্ত্বাবধায়ক মো. হাবিব উল্লাহ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সহকারী সচিব আবদুস সোবহান, কক্সবাজারের রামুর বাসিন্দা মীর মোহাম্মদ হাসান এবং তার ভাই মীর মো. নুরুল আফছার।
মামলার নথি অনুযায়ী, গুলশান আবাসিক এলাকার সিইএন (ডি) ২৭ নম্বরের ২৭ কাঠার পরিত্যক্ত সরকারি প্লটটি অবমুক্ত না করেই জাল কাগজপত্র তৈরি ও ভুয়া রেকর্ড উপস্থাপনের মাধ্যমে দখলের সুযোগ সৃষ্টি করা হয়। পরে হস্তান্তর অনুমতি ও নামজারি অনুমোদনের মাধ্যমে সরকারি সম্পত্তি আত্মসাতের পথ তৈরি করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি প্রথমে রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে তখন সালাম মুর্শেদীর নাম মামলায় ছিল না। পরে তদন্ত শেষে গত বছরের ৩১ ডিসেম্বর তাকে অন্তর্ভুক্ত করে ১৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
গত বছরের ১ অক্টোবর সালাম মুর্শেদীকে গ্রেফতার করা হয়। এরপর থেকে কারাগারে আছেন তিনি।

