ইসরায়েলের সর্বশেষ নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ দাবি করেছেন দেশটির বিরোধী জোটের নেতা গাদি আইজেনকট। তিনি বলেছেন, নেতানিয়াহু আর এক মিনিটের জন্যও সরকারের শীর্ষ পদে থাকতে পারেন না।
গত রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আইজেনকট বলেন, নেতানিয়াহু ও তাঁর ঘনিষ্ঠদের কর্মকাণ্ড ইসরায়েলের গণতন্ত্রের জন্য বাস্তব, প্রত্যক্ষ ও তাৎক্ষণিক হুমকি তৈরি করেছে। এ ঘটনায় অবিলম্বে তদন্তের আহ্বান জানিয়ে পুলিশ ও অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের কাছে দ্রুত ব্যাখ্যা দাবি করেন তিনি।
এর আগে ইসরায়েলের সম্প্রচারমাধ্যম চ্যানেল ১২ এক প্রতিবেদনে জানায়, গত ২৭ অক্টোবরের নির্বাচনের আগের রাতে নেতানিয়াহুর চিফ অব স্টাফ আইদো নর্ডেন আরব দল ইউনাইটেড আরব লিস্টের (রাআম) কয়েকজন সদস্যের বিরুদ্ধে পুলিশ কমিশনারের দপ্তরে অভিযোগ করেন।
প্রতিবেদন অনুযায়ী, নর্ডেন পুলিশ কর্মকর্তাদের এমন এক ব্যক্তির কাছে পাঠান, যিনি গোয়েন্দা তথ্যের উৎস বলে দাবি করেছিলেন। ওই ব্যক্তি আগে নেতানিয়াহুর কার্যালয়ে কাজ করতেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে প্রায় ১৪ জন পুলিশ কর্মকর্তা কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই রাআমের তিন সদস্যের বাড়িতে অভিযান চালান। ভোটারদের অর্থের বিনিময়ে ভোট দিতে উৎসাহিত করার সন্দেহে তাঁদের গ্রেপ্তার করা হয়।
তবে পরবর্তী পুলিশি তদন্তে কথিত গোয়েন্দা সূত্রের দেওয়া তথ্যের কোনো ভিত্তি পাওয়া যায়নি। পরে ওই তিনজনকে ছেড়ে দেওয়া হয় বলে চ্যানেল ১২-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, নির্বাচনের দিন শিন বেতের প্রধান ডেভিড জিনি ফিলিস্তিনি বংশোদ্ভূত পাঁচ নেসেট সদস্যের ফোনে আড়ি পাতার অনুমতি চেয়ে অ্যাটর্নি জেনারেলের দপ্তরে আবেদন করেছিলেন। নির্বাচনে হস্তক্ষেপের সন্দেহে তিনি এ পদক্ষেপ নিতে চাইলেও তাঁর আবেদন প্রত্যাখ্যান করা হয়।
এদিকে নির্বাচনের দিন নেতানিয়াহু দেশজুড়ে আরব নেতৃত্বাধীন দলগুলোর বিরুদ্ধে প্রচার চালান। তবে নির্বাচনের ফলাফলে দলগুলো রেকর্ড ১৯টি আসনে জয়ী হয়। প্রাথমিক ফলাফল প্রকাশের পর নেতানিয়াহুর লিকুদ পার্টি ভোটে কারচুপির অভিযোগ তুললেও এর পক্ষে কোনো প্রমাণ দিতে পারেনি।
নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগের পাশাপাশি নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষমতা ধরে রাখতে ফিলিস্তিনি বংশোদ্ভূত ইসরায়েলিদের লক্ষ্য করে বর্ণবাদী ও সহিংস প্রচারে উসকানি দেওয়ার অভিযোগও তুলেছেন আইজেনকট।
তবে নেতানিয়াহুর দল লিকুদ পার্টি আইজেনকটের বক্তব্যকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর উসকানি বলে অভিহিত করেছে।
এর আগে জাতীয় ঐক্যের সরকার গঠন নিয়ে নেতানিয়াহুর দলের সঙ্গে আইজেনকটের ইয়াশার পার্টির প্রতিনিধিদের আলোচনা হয়। নেতানিয়াহু এ ধরনের সরকার গঠনের আহ্বান জানালেও আইজেনকট একে ধাপ্পাবাজি বলে মন্তব্য করেছিলেন। তবে দুই দলের মধ্যে আলোচনা হওয়ার বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।

