ভিসা জটিলতার কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেছে বিশ্বকাপগামী দক্ষিণ আফ্রিকার জাতীয় ফুটবল দলের মেক্সিকো যাত্রা। আজ রোববার (৩১ মে) মেক্সিকোর পাচুকায় চূড়ান্ত প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে দলের চার্টার্ড ফ্লাইটে রওনা হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে কয়েকজন খেলোয়াড় ও স্টাফের ভিসা না পাওয়ায় যাত্রা স্থগিত করা হয়।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভিসা সমস্যার কারণে নির্ধারিত ফ্লাইটটি আপাতত স্থগিত রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা সাউথ আফ্রিকান ব্রডকাস্টিং কর্পোরেশন (SABC)।
বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টের আগে এ ধরনের প্রশাসনিক জটিলতায় ক্ষোভ প্রকাশ করেছেন দলের প্রধান কোচ হুগো ব্রুস। তিনি বলেন, শেষ মুহূর্তে এমন পরিস্থিতি দলের প্রস্তুতিকে বড় ধরনের ক্ষতির মুখে ফেলেছে।
এদিকে ঘটনাটিকে ‘অত্যন্ত বিব্রতকর ও খেলোয়াড়দের প্রতি চরম অন্যায়’ বলে মন্তব্য করেছেন দক্ষিণ আফ্রিকার ক্রীড়ামন্ত্রী গ্যাটন ম্যাকেঞ্জি। তিনি জানান, বিষয়টির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ক্রীড়া বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক টুর্নামেন্টের আগে এ ধরনের ভিসা জটিলতা শুধু প্রস্তুতিতেই নয়, দলের মানসিক অবস্থার ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
উল্লেখ্য, আগামী ১১ জুন মেক্সিকো সিটিতে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচটি দিয়ে টুর্নামেন্টের পর্দা ওঠার কথা রয়েছে।
সূত্র: রয়টার্স

