spot_img

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো

অবশ্যই পরুন

ফুটবলবিশ্বের এক বর্ণাঢ্য অধ্যায়ের পর্দা নামতে যাচ্ছে। যে সাত নম্বর জার্সি গায়ে জড়িয়ে একের পর এক রেকর্ড গড়েছেন, দেশকে এনে দিয়েছেন ইউরোপসেরার মুকুট, এবার সেই জার্সিই তুলে দেওয়ার ঘোষণা দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগাল জাতীয় দলের হয়ে ২৩ বছরের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন ৪১ বছর বয়সী এই মহাতারকা। সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তায় নিজের বিদায়ের সিদ্ধান্ত জানিয়েছেন আল নাসরের এই ফরোয়ার্ড।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে রোনালদো জানান, নভেম্বরের আন্তর্জাতিক বিরতির পর পর্তুগালের জাতীয় দলের হয়ে আর খেলবেন না তিনি। এর মধ্য দিয়ে ২০০৩ সালের আগস্টে শুরু হওয়া তাঁর আন্তর্জাতিক ফুটবলের যাত্রার সমাপ্তি ঘটতে যাচ্ছে।

বিদায়ের ঘোষণা দিয়ে রোনালদো বলেন, ‘সময় এসেছে জাতীয় দলের সাত নম্বর জার্সিটি ভবিষ্যৎ প্রজন্মের হাতে তুলে দেওয়ার। এই জার্সি কখনোই শুধু আমার ছিল না। তবে ২৩ বছর ধরে এটি পরার, রক্ষা করার এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের স্টেডিয়ামে বয়ে নিয়ে যাওয়ার সৌভাগ্য ও দায়িত্ব আমার ছিল।’

সিদ্ধান্তটি সহজ ছিল না উল্লেখ করে তিনি আরও বলেন, ‘কিছু সিদ্ধান্ত শুধু মাথা দিয়ে নেওয়া যায় না, হৃদয়েরও ভূমিকা থাকে।’

২০০৩ সালের আগস্টে মাত্র ১৮ বছর বয়সে পর্তুগালের জাতীয় দলে অভিষেক হয়েছিল রোনালদোর। এরপর দুই দশকের বেশি সময় ধরে দেশটির ফুটবলের সবচেয়ে বড় তারকায় পরিণত হন তিনি।

পর্তুগালের হয়ে এখন পর্যন্ত ২৩৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এই ফরোয়ার্ড। গোল করেছেন ১৪৬টি। পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ম্যাচ খেলা ও সর্বোচ্চ গোলের রেকর্ড—দুটিই তাঁর দখলে।

তাঁর নেতৃত্বে ২০১৬ সালে প্রথমবারের মতো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতে পর্তুগাল। এরপর ২০১৯ ও ২০২৫ সালে উয়েফা নেশনস লিগের শিরোপাও জেতে দলটি।

২০২৬ সালের বিশ্বকাপকেই নিজের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ হিসেবে ঘোষণা দিয়েছিলেন রোনালদো। স্পেনের কাছে শেষ ষোলোতে পর্তুগালের বিদায়ের মধ্য দিয়ে বিশ্বকাপের মঞ্চেও তাঁর দীর্ঘ পথচলা শেষ হয়।

ছয়টি বিশ্বকাপে অংশ নিয়ে ইতিহাস গড়া এই ফুটবলার বিশ্বকাপ থেকে বিদায়ের পর জানিয়েছিলেন, তিনি আবেগের বশে নিজের ভবিষ্যৎ নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে চান না।

তবে শেষ পর্যন্ত জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত জানালেন তিনি। আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর বিদায় শুধু পর্তুগালের জন্য নয়, বিশ্বজুড়ে তাঁর কোটি কোটি সমর্থকের জন্যও আবেগঘন মুহূর্ত।

২৩৪ ম্যাচ, ১৪৬ গোল এবং তিনটি বড় আন্তর্জাতিক শিরোপা—পর্তুগালের ফুটবল ইতিহাসে নিজের নামটি অমর করে রেখেই জাতীয় দলের জার্সি তুলে রাখছেন সিআর সেভেন।

সর্বশেষ সংবাদ

নতুন প্রধানমন্ত্রীর অপেক্ষায় ইসরায়েল, সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। নির্বাচনের চূড়ান্ত ফলাফল মেনে নিয়ে রাজনৈতিক দলগুলোর...

এই বিভাগের অন্যান্য সংবাদ