কানাডায় বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম এমপি হিসেবে শপথ নিয়েছেন। এর আগে টরোন্টোর স্কারবোরো সাউথওয়েস্ট আসন থেকে লিবারেল পার্টির প্রার্থী হিসেবে উপনির্বাচনে জয়লাভ করে তিনি এ ইতিহাস গড়েন।
টরোন্টোর স্কারবরো সাউথওয়েস্ট আসন থেকে ক্ষমতাসীন লিবারেল পার্টির প্রার্থী হিসেবে জয় লাভ করেন তিনি।
শপথ নেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ডলি বেগম বলেন, স্কারবরো সাউথওয়েস্টের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব নিতে পেরে তিনি সম্মানিত বোধ করছেন। তিনি বলেন, কানাডার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। দেশ এখন ঐক্য, জরুরি পদক্ষেপ এবং দৃঢ় নেতৃত্বের প্রত্যাশা করছে।
তিনি জানান, দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গেই কাজ শুরু করেছেন। তার প্রধান লক্ষ্য হবে স্কারবরো সাউথওয়েস্টসহ পুরো কানাডার মানুষের জন্য কাজ করা। জনগণের গুরুত্বপূর্ণ সমস্যাগুলো সংসদে তুলে ধরা এবং কমিউনিটির কণ্ঠস্বর পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।
ডলি বেগম এর আগে অন্টারিও প্রাদেশিক পার্লামেন্টে তিনবার নির্বাচিত হয়েছিলেন। গত বছর তিনি স্কারবরো সাউথওয়েস্ট আসন থেকে নিউ ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে তৃতীয়বার জয় পান। এর আগে ২০১৮ সালে প্রথম এবং ২০২২ সালে দ্বিতীয়বার নির্বাচিত হন।
চলতি বছরের শুরুতে সাবেক মন্ত্রী বিল ব্লেয়ারের বিদায়ের পর আসনটি শূন্য হলে লিবারেল পার্টির মনোনয়ন পান ডলি বেগম। পরে তিনি দল পরিবর্তনের কারণ হিসেবে প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বে কেন্দ্রীয় পর্যায়ে কাজ করার আগ্রহের কথা জানান।
ডলি বেগম বলেন, জীবনযাত্রার ব্যয় কমানো, সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা এবং কানাডাকে আরও ঐক্যবদ্ধ ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে তিনি কাজ করবেন।
ডলি বেগমের বাড়ি বাংলাদেশের মৌলভীবাজারের মনু নদের পাড়ে। বাবা রাজা মিয়া এবং মা জবা বেগমের হাত ধরে মাত্র ১২ বছর বয়সে পাড়ি জমান কানাডায়। টরন্টো বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক শেষ করে তিনি লন্ডনের বিশ্বখ্যাত ইউনিভার্সিটি কলেজ লন্ডন (ইউসিএল) থেকে উন্নয়ন প্রশাসন ও পরিকল্পনায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

