যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ বা তেজস্ক্রিয় পদার্থযুক্ত বিস্ফোরক দিয়ে হামলার পরিকল্পনার অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত এ-সংক্রান্ত গোয়েন্দা তথ্যের প্রতিবেদনকে ভিত্তিহীন বলে দাবি করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এসব অভিযোগ নাকচ করেন।
প্রতিবেদনে বলা হয়, গোয়েন্দা তথ্য সম্পর্কে অবগত কয়েকটি সূত্রের দাবি, যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে সম্ভাব্য হামলার পরিকল্পনা নিয়ে সক্রিয়ভাবে কাজ করছে ইরান। তবে এ ধরনের হামলা বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত তেহরান নিয়েছে কি না, সে বিষয়ে এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি।
‘ডার্টি বোমা’ হলো প্রচলিত বিস্ফোরকের সঙ্গে তেজস্ক্রিয় পদার্থ ব্যবহার করে তৈরি এক ধরনের অস্ত্র। বিস্ফোরণের মাধ্যমে এটি আশপাশে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে দিতে পারে।
তথ্যসূত্র: আল-জাজিরা।

