বৈশ্বিক বিমান পরিবহন খাতের ভবিষ্যৎ নীতিমালা, বিনিয়োগ ও যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন নিয়ে কানাডার মন্ট্রিলে শুরু হয়েছে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইকাও)-এর সপ্তম বিশ্ব বিমান পরিবহন সম্মেলন। পাঁচ দিনব্যাপী এ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
সোমবার (১৬ নভেম্বর) স্থানীয় সময় সকালে মন্ট্রিলে আইকাওয়ের সদর দপ্তরে সম্মেলনের উদ্বোধন হয়। এতে বিভিন্ন দেশের মন্ত্রী, নীতিনির্ধারক এবং আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন আইকাও কাউন্সিলের প্রেসিডেন্ট তোশিউকি ওনুমা, জাতিসংঘের পর্যটন সংস্থা ইউএন ট্যুরিজমের মহাসচিব শাইখা আল নুয়াইস এবং কানাডার পরিবহনমন্ত্রী স্টিভেন ম্যাককিনন।
বাংলাদেশের পক্ষে সম্মেলনে অংশ নিচ্ছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন) এস এম লাভলুর রহমান।
২০১৩ সালে ষষ্ঠ বিশ্ব বিমান পরিবহন সম্মেলনের পর ১৩ বছর বিরতি দিয়ে এবার সপ্তমবারের মতো এ আয়োজন করছে আইকাও। এবারের সম্মেলনের প্রতিপাদ্য, পরিবর্তনশীল বিশ্বে বৈশ্বিক যোগাযোগ, অর্থনৈতিক উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির চালিকাশক্তি হিসেবে বিমান পরিবহনকে আরও কার্যকর করে তোলা।
সম্মেলনের প্রথম দিনের অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন ছিল ২০৫০ সাল পর্যন্ত বৈশ্বিক বিমান পরিবহন শিল্পের ভবিষ্যৎ, পরিবর্তন এবং সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি নিয়ে উচ্চপর্যায়ের প্যানেল আলোচনা। এতে যাত্রীসেবা, বিমান পরিবহন খাতের সক্ষমতা এবং ভবিষ্যৎ প্রবৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি এয়ার ট্রান্সপোর্ট অ্যাকশন গ্রুপসহ আন্তর্জাতিক বিমানবন্দর, এয়ার নেভিগেশন ও এয়ারলাইনস খাতের প্রতিনিধিত্বকারী সংস্থাগুলো নিজেদের পরিকল্পনা ও অবস্থান তুলে ধরে।
আইকাওয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বে আকাশপথে যাত্রী পরিবহনের পরিমাণ ছিল প্রায় ৪৬০ কোটি। সংস্থাটির পূর্বাভাস বলছে, ২০৫০ সাল নাগাদ এ সংখ্যা বেড়ে ১ হাজার ২৪০ কোটিতে পৌঁছাতে পারে। বিপুলসংখ্যক যাত্রীর চাহিদা সামাল দিতে আধুনিক বিমানবন্দর, উন্নত যোগাযোগ অবকাঠামো, দক্ষ জনবল, কার্যকর নিয়ন্ত্রক ব্যবস্থা এবং বড় অঙ্কের বিনিয়োগ প্রয়োজন হবে।
এ কারণে এবারের সম্মেলনে সরকারি-বেসরকারি অংশীদারত্ব, বিদেশি বিনিয়োগ, অর্থায়নের নতুন পদ্ধতি এবং বিমান পরিবহন অবকাঠামোর দীর্ঘমেয়াদি পরিকল্পনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
বাংলাদেশের জন্যও এ সম্মেলনকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। দেশের ভৌগোলিক অবস্থান, ক্রমবর্ধমান অর্থনীতি, আন্তর্জাতিক বাণিজ্য ও পর্যটনের সম্ভাবনা বিবেচনায় বিমান পরিবহন খাতের উন্নয়নে নতুন সুযোগ তৈরির সম্ভাবনা রয়েছে। বিমানবন্দরগুলোর সক্ষমতা বাড়ানো, আধুনিক প্রযুক্তির ব্যবহার, নতুন উড়োজাহাজ সংগ্রহ এবং আন্তর্জাতিক রুট সম্প্রসারণের বিষয়গুলোতে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ।
সম্প্রতি বাংলাদেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থায় অগ্রগতিও আন্তর্জাতিকভাবে ইতিবাচক মূল্যায়ন পেয়েছে। আইকাওয়ের এভিয়েশন সিকিউরিটি অডিটে দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতি উঠে এসেছে। এই অর্জন কাজে লাগিয়ে আন্তর্জাতিক বিমান চলাচল খাতে বাংলাদেশের সক্ষমতা ও গ্রহণযোগ্যতা আরও বাড়ানোর সুযোগ রয়েছে।
এদিকে সপ্তম বিশ্ব বিমান পরিবহন সম্মেলনের পাশাপাশি আগামী ১৯ ও ২০ নভেম্বর আইকাও সদর দপ্তরে সংস্থাটির অ্যাসেম্বলির ৪৩তম বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে আইকাও কাউন্সিলের সদস্য সংখ্যা ৩৬ থেকে বাড়িয়ে ৪০ করার প্রস্তাবের পরিপ্রেক্ষিতে নতুন চারটি সদস্য রাষ্ট্র নির্বাচনের বিষয়টি গুরুত্ব পাবে।
সম্মেলনের শেষ পর্যায়ে সদস্য রাষ্ট্রগুলোর অংশগ্রহণে একটি মন্ত্রী পর্যায়ের ঘোষণাপত্র গ্রহণেরও কথা রয়েছে।

