যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাজা চার্লস তৃতীয়ের সঙ্গে আত্মীয়তার খবর প্রকাশের পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ডেইলি মেইলের এক প্রতিবেদনে জানানো হয়, ট্রাম্প ও চার্লস তৃতীয় উভয়েই স্কটল্যান্ডের রাজা জেমস দ্বিতীয়ের বংশধর, বিশেষভাবে থার্ড আর্ল অব লেনক্সের মাধ্যমে তাদের সম্পর্ক স্থাপিত হয়েছে। এতে তারা ১৫তম কাজিন (চাচাতো ভাই) হিসেবে বিবেচিত।
এই খবরে প্রতিক্রিয়া জানিয়ে ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘ওয়াও, দারুণ! আমি সবসময়ই বাকিংহাম প্যালেসে থাকতে চেয়েছি। কয়েক মিনিটের মধ্যেই রাজা ও রানির সঙ্গে এ বিষয়ে কথা বলব।’
এদিকে, রাজা চার্লস ও রানী ক্যামিলা বর্তমানে চার দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে ট্রাম্প হোয়াইট হাউসে রাজদম্পতিকে আতিথ্য দিচ্ছেন।
মঙ্গলবার বিকেলে কংগ্রেসে ভাষণ দেওয়ার কথা রয়েছে চার্লসের, যা গত ৩৫ বছরে কোনো ব্রিটিশ সম্রাটের প্রথম এমন ভাষণ হবে।
তবে ইরান যুদ্ধ ইস্যুতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সামরিক সহায়তা দিতে অস্বীকৃতির কারণে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য সম্পর্ক বর্তমানে চাপে রয়েছে।
ট্রাম্প সম্প্রতি কিয়ার স্টারমারকে ‘উইনস্টন চার্চিল নন’ বলে মন্তব্য করেন এবং ন্যাটোর ইউরোপীয় মিত্রদের ‘ভীতু’ ও ‘অকার্যকর’ বলেও সমালোচনা করেন।
সূত্র: দ্য ডেইলি মেইল

