জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার এবং অবকাঠামো উন্নয়ন ও বাণিজ্য সম্প্রসারণে বিকল্প অর্থায়নের মাধ্যমে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ। এ লক্ষ্যে দেশটির অর্থমন্ত্রী সাতসুকি কাতায়ামা ও সহকারী অর্থমন্ত্রী আতসুসি মিমুরার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার (৩০ অক্টোবর) টোকিওতে জাপানের অর্থমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দুই দেশের দীর্ঘদিনের অর্থনৈতিক সম্পর্ক ও উন্নয়ন অংশীদারত্ব আরও গভীর করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বৈঠকে অবকাঠামোগত উন্নয়ন, বাণিজ্য সম্প্রসারণ ও বিদেশি সরাসরি বিনিয়োগ (এফডিআই) বাড়ানোর পাশাপাশি বিকল্প অর্থায়ন ব্যবস্থার মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।
এ সময় উভয় পক্ষ বিদ্যমান অর্থনৈতিক সম্পর্ক আরও গতিশীল করা এবং নতুন নতুন খাতে সহযোগিতা সম্প্রসারণে কার্যকর উদ্যোগ নেওয়ার বিষয়ে একমত হয়।
বৈঠকে প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি এবং দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জাপান বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী। দেশটির অর্থায়নে বাংলাদেশে অতীতে বেশ কয়েকটি বড় অবকাঠামো ও সামাজিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে। বর্তমানে জাপানের সহযোগিতায় গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন এবং নতুন চুক্তি সম্পাদনের কার্যক্রম চলমান রয়েছে।

