ইন্টার মায়ামির সঙ্গে ২০২৮ সালের ডিসেম্বর পর্যন্ত লিওনেল মেসির চুক্তি। কিন্তু গুঞ্জন উঠেছে, শৈশবের ক্লাব নিউয়েলস ওল্ড বয়েজ ক্লাবে ফিরছেন তিনি, তাও আবার এমএলএস ক্লাবের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার দুই বছর আগেই!
মেসির আর্জেন্টিনায় ফেরা নিয়ে আসল খবর কী? ৩৯ বছর বয়সীর মায়ামিকে দেওয়ার মতো এখনও অনেক কিছু বাকি আছে। স্পোর্ট-এর তথ্য অনুযায়ী, এত তাড়াতাড়ি ক্লাব পরিবর্তনের কিংবা অন্য কোথাও যাওয়ার কোনো ইচ্ছা নেই আর্জেন্টাইনের।
আর্জেন্টিনায় ফেরার গুঞ্জন উঠলেও মেসি ফ্লোরিডা ক্লাবের চুক্তির প্রতি দায়বদ্ধ থাকছেন। দলবদলের বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানো নিশ্চিত করেছেন, মেসি আগামী কয়েক মাসের মধ্যে কিংবা কয়েক বছরের মধ্যে বর্তমান ক্লাব ছাড়ার কথা বিবেচনা একদমই করছেন না।
নিউয়েলস ওল্ড বয়েজে ফেরার গুঞ্জন নিয়ে রোমানো বলেছেন, ‘আর্জেন্টিনায় নিজের প্রথম ক্লাবে ফেরার গুঞ্জন সম্প্রতি ছড়াচ্ছে, কিন্তু ইন্টার মায়ামিতে খুশি মেসি।’
তিনি জানান, মেসি তার পরিবারকে নিয়ে আমেরিকায় থিতু হয়েছেন এবং বেশ সুখেশান্তিতে দিন কাটাচ্ছেন। অন্য কোনো ক্লাবের সঙ্গে তার কথা হয়নি। তবে ২০২৮ সালের পর মায়ামির সঙ্গে নতুন চুক্তি হবে কি না, তা নিশ্চিত করতে পারেননি রোমানো। তার মতে, সেটি নির্ভর করছে মেসির শারীরিক অবস্থার ওপর।
মেসির জন্মস্থান রোজারিওর এক স্থানীয় সাংবাদিক গঞ্জালো কালভিজিওনির তথ্য অনুযায়ী, ওল্ডবয়েজে ফেরার এত কাছাকাছি কখনও আসেননি। এস্তাদিও ৩ পর কাদেজা ৩ রোজারিও-কে তিনি বলেন, ‘মেসির নিউওয়েলস ওল্ড বয়েজে ফেরার বর্তমান সম্ভাবনা আগে কখনও তৈরি হয়নি। ২০২৭ সালের জানুয়ারিতে তার সঙ্গে চুক্তির আশা করছে ক্লাব।’
সম্প্রতি মেসি তার নামে একটি টুর্নামেন্ট চালু করেছেন। যেখান থেকে তুলে আনা হবে তরুণ প্রতিভাবানদের। মাঠের বাইরেও নিজের অবস্থান বেশ ভালোভাবে তৈরি করছেন ২০২২ সালের বিশ্বকাপ জয়ী অধিনায়ক।

