এফএ কাপের সেমিফাইনালে ওয়েম্বলিতে চ্যাম্পিয়নশিপের দল সাউদাম্পটনকে ২-১ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে ম্যানচেস্টার সিটি। এই জয়ের মাধ্যমে পেপ গার্দিওলার দল টানা চারবার এফএ কাপের ফাইনালে ওঠার কীর্তি গড়ল, যা প্রতিযোগিতার ইতিহাসে প্রথমবার।
ম্যাচের ৭৯ মিনিটে ফিন আজাজের দারুণ গোলেই এগিয়ে যায় সাউদাম্পটন। তবে মাত্র আট মিনিটের ব্যবধানে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় ম্যানচেস্টার সিটি। প্রথমে জেরেমি ডোকুর শট প্রতিপক্ষের পায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়, এরপর ২০ গজ দূর থেকে দুর্দান্ত এক শটে দলকে এগিয়ে দেন নিকো গঞ্জালেস।
এর আগে সিটির গোলরক্ষক জেমস ট্রাফোর্ড গুরুত্বপূর্ণ এক সেভ করে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন।
এই জয়ের ফলে ঘরোয়া ট্রেবল জয়ের স্বপ্নও টিকে রাখল ম্যানচেস্টার সিটি। ইতোমধ্যে লিগ কাপ জেতা দলটি এখন প্রিমিয়ার লিগ শিরোপার দিকেও নজর রাখছে।
আগামী ১৬ মে ওয়েম্বলিতে অনুষ্ঠিত হবে ফাইনাল। সেখানে সিটির প্রতিপক্ষ হবে চেলসি অথবা লিডস ইউনাইটেড।

