আগের বলেই চার মেরে দলের সংগ্রহ চারশ এনে দিয়েছিলেন তাসকিন আহমেদ। তবে পরের বলেই ওয়াইন মুল্ডারের হাতে ক্যাচ দিয়ে আউট তিনি। প্রথম ইনিংসে ঠিক চারশ রানেই থামল বাংলাদেশ। তাওহীদ হৃদয়ের পর সেঞ্চুরির দেখা পেয়েছেন উইকেটকিপার ব্যাটার লিটন দাস। কাগিসো রাবাদা পেয়েছেন ৫ উইকেট। আজকের ৪ উইকেটের সবকটি পকেটে পুরেছেন ডেন পিটারসেন। জোহানেসবার্গ টেস্টে দ্বিতীয় দিনের প্রথম ঘণ্টাতেই থেমেছে বাংলাদেশের প্রথম ইনিংস। ১০১.২ ওভার খেলে ঠিক ৪০০ রানে অলআউট হয়েছে নাজমুল হোসেন শান্তর দল।
এর আগে লিটন দাসের সঙ্গে জুটি জমার আগেই বিদায় নিলেন মেহেদী হাসান মিরাজ, সঙ্গী হারিয়ে দারুণ সেঞ্চুরি তুললেও বেশিদূর এগোতে পারলেন না লিটন। তবে টেল এন্ডাররা কিছু বাউন্ডারিতে দলকে পাইয়ে দিলেন চারশ রানের পুঁজি।
আগের দিন তাওহিদ হৃদয়ের ১৩৭ রানের ইনিংস থামার পর সেঞ্চুরির দ্বারপ্রান্তে ছিলেন লিটন। নব্বই পেরিয়ে যাওয়া ব্যাটার দ্বিতীয় দিনে নেমে সাবলীল গতিতে তোলেন শতক। মার্কো ইয়ানসেনকে ছক্কা মেরে টেস্টে অষ্টম তিন অঙ্ক স্পর্শ করে মেয়ের জন্মদিনে বিশেষ উদযাপন করতে দেখা যায় তাকে।
লিটনের সেঞ্চুরির পরপরই স্লিপে ড্যান প্যাটারসনের বলে ক্যাচ দিয়ে ফিরে যান মেহেদী হাসান মিরাজ। সেঞ্চুরির পর দ্রুত রানের তালে থাকা লিটন আর যোগ করেন ২০ রান। ১৭৯ বলে ১২০ করার পর প্যাটারসনকেই পুল করতে গিয়ে দেন সহজ ক্যাচ।
৩৭০ রানে ৮ উইকেট হারানোর পর হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ মিলে গুরুত্বপূর্ণ কিছু রান যোগ করেছেন। প্যাটারসনের শিকার হওয়ার আগে ২৪ বলে ১৬ করেন হাসান। ১৬ বলে ১৭ করা তাসকিনও এই বোলারকেই ক্যাচ উঠিয়ে থামান ইনিংস।
দ্বিতীয় দিনের সবগুলো উইকেট নেন মিডিয়াম পেসার প্যাটারসন। আগের দিন পাঁচ শিকার ধরা কাগিসো রাবাদা এদিন এক স্পেল করে সাফল্য পাননি। ওয়ান্ডারার্স সাধারণত হাই-স্কোরিং গ্রাউন্ড। হৃদয়-লিটনের ২০৬ রানের রেকর্ড জুটিতে যে ভিত তৈরি হয়েছিল তাতে পাঁচশর আশা বাড়াবাড়ি ছিল না। তবে সফরকারীরা চারশ করেই থামল। যদিও এই রান নিয়ে ভালোই লড়াই জমানোর রসদ পাবে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ প্রথম ইনিংস: ১০১.২ ওভারে ৪০০/১০ (মাহফিজুল ০, তানজিদ ৬৭, মুমিনুল ০, শান্ত ১২, হৃদয় ১৩৭, মুশফিক ০, লিটন ১২০, মিরাজ ১০, হাসান ১৬, তাসকিন ১৭, ইবাদত ১*; রাবাদা ৫/৫১, পিটারসেন ৪/৯২, ইয়ানসেন ১/৫৪)।

