spot_img

আখিরাতের সঙ্গে দুনিয়ার তুলনা

অবশ্যই পরুন

আখিরাতের সঙ্গে দুনিয়ার তুলনাই হতে পারে না। মানুষের বুঝার জন্য আল্লাহ তাআলা ও তার রাসুল দুনিয়ার তুলনায় আখেরাতের মূল্য স্পষ্ট ও পরিপূর্ণভাবে বর্ণনা করেছেন। নিম্নে এ সম্পর্কে বর্ণনা করা হলো :

১. সত্তাগতভাবে দুনিয়ার মূল্য : আল্লাহ তাআলা বলেন, ‘আর এ দুনিয়ার জীবন খেল-তামাশা ছাড়া আর কিছুই নয় এবং নিশ্চয় আখেরাতের নিবাসই হলো প্রকৃত জীবন, যদি তারা জানত।’ (সুরা আল-আনকাবুত, আয়াত : ৬৪)

২. সময়ের দিক থেকে দুনিয়ার মূল্য : আল্লাহ তাআলা বলেন, ‘হে ঈমানদাররা! তোমাদের কী হলো, যখন তোমাদের বলা হয়, আল্লাহর রাস্তায় (যুদ্ধে) বের হও, তখন তোমরা মাটি জড়িয়ে ধর? তবে কি তোমরা আখিরাতের পরিবর্তে দুনিয়ার জীবনে সন্তুষ্ট হলে? অথচ দুনিয়ার জীবনের ভোগ-সামগ্রী আখেরাতের তুলনায় একেবারেই নগণ্য।’ (সুর আত-তাওবা, আয়াত : ৩৮)

৩. পরিমাপ গত দিক থেকে দুনিয়ার মূল্য : বানু ফিহরের ভাই মুসতাওরিদ (রা.) বলেন, রাসুল (সা.) বলেন, আল্লাহর শপথ! ইহকাল-পরকালেন তুলনা অতটুকুই, যেমন তোমাদের কেউ তার এ আঙ্গুলটি সমুদ্রে পানিতে ভিজিয়ে দেখল যে কতটুকু পরিমাণ এতে পানি লেগেছে। বর্ণনাকারী ইয়াহইয়া এ সময় শাহাদাত আঙ্গুলের দ্বারা ইঙ্গিত করেছেন।’ (মুসলিম, হাদিস : ২৮৫৮)

৪. অর্থ সম্পদের দিক থেকে দুনিয়ার মূল্য : জাবের ইবনু আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, একদিন রাসুল (সা.) আলিয়া অঞ্চল থেকে মদিনায় আসার পথে এক বাজার দিয়ে অতিক্রম করছিলেন। এ সময় রাসুল (সা.)-এর উভয় পাশে বেশ লোকজন ছিল। অতঃপর তিনি ক্ষুদ্র কান বিশিষ্ট একটি মৃত বকরীর বাচ্চার পাশ দিয়ে অতিক্রমকালে তার কাছে গিয়ে এর কান ধরে বলেন, ‘তোমাদের কেউ কি এক দিরহাম দিয়ে এটা ক্রয় করতে আগ্রহী?’ তখন উপস্থিত লোকেরা বললেন, কোন কিছুর বদৌলতে আমরা এটা নিকে আগ্রহী নই এবং এটি নিয়ে আমরা কি করব? তখন রাসুল (সা.) বলেন : ‘বিনা পয়সায় তোমরা কি সেটা নিতে আগ্রহী?’

তারা বলেন, এ যদি জীবিত হতো, তবু তো এটা ত্রুটিযুক্ত। কেননা এর কান ছোট। আর এখন সেটা তো মৃত, আমরা কিভাবে তা গ্রহণ করব? অতঃপর তিনি বলেন, ‘আল্লাহর শপথ! এটা তোমাদের কাছে যতটা নগণ্য, আল্লাহর কাছে দুনিয়া এর তুলনায় আরো বেশি নগণ্য।’ (মুসলিম, হাদিস : ২৯৫৭)

৫. আয়তনের দিক থেকে দুনিয়ার মূল্য : সাহল ইবনু সাদ আস-সাঈদি (রা.) বলেন, আল্লাহর রাসুল (সা.) বলেছেন, ‘জান্নাতে চাবুক পরিমাণ সামান্য জায়গাও দুনিয়া এবং এর মধ্যে যা কিছু আছে, তার থেকে উত্তম।’ (বুখারি, হাদিস : ৩২৫০)

৬. উপভোগের দিক থেকে দুনিয়ার মূল্য : আল্লাহ তাআলা বলেন, ‘তুমি বলো, দুনিয়ার সুখ সামান্য। আর যে তাকওয়া অবলম্বন করে, তার জন্য আখেরাত উত্তম এবং তোমাদের প্রতি সূতা পরিমাণ যুলমও করা হবে না।’ (সুরা আন-নিসা, আয়াত : ৭৭)

৭. ব্যবসায়িকভাবে দুনিয়ার মূল্য : আল্লাহ তাআলা বলেন, ‘যারা কুফরি করেছে, নগরগুলোতে তাদের বিচরণ তোমাকে যেন ধোঁকায় না ফেলে। (এগুলো) অল্প ভোগ্যসামগ্রী। এরপর তাদের আশ্রয়স্থল জাহান্নাম আর তা কতইনা মন্দ বিছানা।’ (সুরা আলে ইমরান, আয়াত : ১৯৬-১৯৭)

সর্বশেষ সংবাদ

ট্রাম্প-ইলন মাস্ক চীন সফরে—‘ছদ্মবেশে’ চীনা নারী জেনারেল!

ডোনাল্ড ট্রাম্পের চীন সফরকালে মার্কিন প্রতিনিধিদল এবং শীর্ষ প্রযুক্তি নির্বাহীদের ওপর নজরদারি করতে বেইজিং ছদ্মবেশী গোয়েন্দা মোতায়েন করেছিল বলে...

এই বিভাগের অন্যান্য সংবাদ