নারী বিগ ব্যাশে (ডব্লিউবিবিএল) মেলবোর্ন রেনেগেডস ও ব্রিসবেন হিটের ম্যাচে এক অদ্ভুত ও ব্যতিক্রমী আউটের সাক্ষী হয়েছে ক্রিকেট বিশ্ব। নির্ধারিত সময়ের মধ্যে পরবর্তী বলের জন্য প্রস্তুত হতে না পারায় ‘ফ্রি বল’ নিয়মে সাজা পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডিয়ান্ড্রা ডটিন। ব্রিসবেন হিটের বোলার সারাহ গ্লেন খালি স্টাম্পে বল করে ডটিনকে আউট করেন। বিগ ব্যাশের ইতিহাসে—পুরুষ ও নারী উভয় সংস্করণ মিলিয়ে—এভাবে আউট হওয়ার প্রথম নজির এটি।
বিগ ব্যাশে খেলার গতি বাড়াতে নতুন ব্যাটারের ক্রিজে এসে প্রস্তুত হওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী, কোনো ব্যাটার আউট বা রিটায়ার্ড হার্ট হওয়ার পর নতুন ব্যাটারকে ৭৫ সেকেন্ডের মধ্যে পরবর্তী বলের জন্য প্রস্তুত হতে হয়। বুধবারের ম্যাচে জর্জিয়া ওয়েরহ্যাম আউট হওয়ার পর ছয় নম্বরে নামেন ডটিন। কিন্তু মাঠে ঢুকে গ্লাভস ও হেলমেট পরার কাজ সারতে গিয়ে তিনি ৭৫ সেকেন্ডের বেশি সময় নিয়ে ফেলেন।
আম্পায়াররা আলোচনার পর সিদ্ধান্ত জানান, ডটিন নির্ধারিত সময়সীমা পার করেছেন। তাই তাকে স্টাম্পের কাছ থেকে প্রায় পাঁচ মিটার দূরে সরে দাঁড়ানোর নির্দেশ দেন। ফলে প্রথম বলটি খেলার সুযোগ না পেয়েই স্ট্রাইক ছাড়তে হয় তাকে, আর বোলিং দল পায় সরাসরি স্টাম্পে বল করার সুযোগ, যা ‘ফ্রি বল’ নামে পরিচিত। সুযোগ কাজে লাগিয়ে সারাহ গ্লেন মাঝের ও লেগ স্টাম্প ভেঙে দেন। কোনো বল না খেলেই ‘গোল্ডেন ডাক’ নিয়ে ফেরেন ডটিন, যদিও স্কোরকার্ডে এটি গ্লেনের বলে বোল্ড হিসেবে উঠে আসে। এমন অদ্ভুত মুহূর্তে বিস্ময় ও হাসিতে হাত দিয়ে মুখ ঢেকে সতীর্থদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে দেখা যায় গ্লেনকে।
২০২১-২২ মৌসুমে বিগ ব্যাশে এই নিয়ম চালুর পর প্রথমবারের মতো কোনো ব্যাটার এভাবে আউট হলেন। তবে এমন বিদায়ে ম্যাচের ফল বদলে যায়নি। ৯৭ রানে ৫ উইকেট হারানোর পরও শেষ পর্যন্ত চাপ সামলে নেয় মেলবোর্ন রেনেগেডস। ১৩৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে একদম শেষ বলে তিন উইকেটের রোমাঞ্চকর জয় তুলে নেয় তারা।
সব মিলিয়ে ম্যাচের গতি ধরে রাখতে নেওয়া কড়া নিয়মের বাস্তব প্রয়োগ এবং নতুন এক নজিরের জন্ম দেওয়ার কারণেই আলোচনায় উঠে এসেছে এই আউট।

