প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পাওয়া মাহফুজুল ইসলাম রবিন নিজেকে মেলে ধরতে চেয়েছিলেন। দক্ষিণ আফ্রিকায় দুই টেস্টেই খেলেছেন তিনি। সেঞ্চুরিয়নে দ্বিতীয় ইনিংস ছিল তার মেলে ধরার শেষ সুযোগ। কিন্তু ডানহাতি ওপেনার ৩৮ রানের বেশি করতে পারলেন না।
পেসার জানসেনের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন তিনি। রিভিউ নিয়ে আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সফল হননি ডানহাতি ব্যাটার। সব মিলিয়ে চার ইনিংসে মাহফুজুল করেছেন ৯৩ রান।
বাংলাদেশ দ্বিতীয় ইনিংসের শুরুটা খারাপ করেননি। ৫৮ রানের জুটি গড়েছিলেন তানজিদ ও মাহফুজুল। কিন্তু এরপর ২০ রান তুলতেই ৩ উইকেট হারায় সফরকারীরা। ক্রিজে ব্যাটিং করছেন নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয়। ৩ উইকেটে দলের রান ৯০। এখনো ৩১৩ রানে পিছিয়ে আছে বাংলাদেশ।

