যুক্তরাষ্ট্রে প্রায় ৩ লাখ বৈধ অভিবাসীর মেডিকেয়ার স্বাস্থ্যসেবা সুবিধা বাতিল হতে যাচ্ছে। এ বিষয়ে তাদের চিঠিও পাঠানো হয়েছে। নতুন আইনের কারণে ২০২৭ সাল থেকে এই সুবিধা হারাবেন তারা। অথচ তাদের অনেকেই বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্রের সরকারি স্বাস্থ্যবিমা কর্মসূচিতে কর ও অর্থ দিয়ে আসছেন।
মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট বলছে, মেডিকেয়ার স্বাস্থ্যসেবা সুবিধা হারানোর এই তালিকায় রয়েছেন বয়স্ক ও প্রতিবন্ধী অভিবাসীরা। তাদের মধ্যে এমন ব্যক্তিরাও আছেন, যারা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এবং যাদের কিডনি রোগ শেষ পর্যায়ে পৌঁছেছে। শরণার্থী, আশ্রয়প্রাপ্ত ব্যক্তি, অস্থায়ী সুরক্ষার মর্যাদা পাওয়া অভিবাসী এবং মানব পাচারের শিকার ব্যক্তিদেরও এই তালিকায় রাখা হয়েছে। তাদের অনেকেই মেডিকেয়ার সুবিধা পাওয়ার জন্য প্রয়োজনীয় কর্ম-অভিজ্ঞতার শর্তও পূরণ করেছেন।
দ্য ওয়াশিংটন পোস্ট ওই চিঠির একটি অনুলিপি পেয়েছে। সেখানে বলা হয়েছে, ‘আমাদের নথিপত্র পর্যালোচনায় দেখা গেছে, আইনের পরিবর্তনের কারণে আপনি হয়তো আর মেডিকেয়ার সুবিধা পাওয়ার যোগ্য নন।’
২০২৫ সালের জুলাইয়ে কংগ্রেসের রিপাবলিকান সদস্যদের দলীয় ভোটে পাস হওয়া এই আইনটির নাম এইচআর-১ বা ‘ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট’। আইনটির সমর্থকদের দাবি, কর্মসূচির স্বচ্ছতা ও সুরক্ষা নিশ্চিত করতে এবং মার্কিন নাগরিকদের জন্য সুবিধা সংরক্ষণ করতে এসব পরিবর্তন প্রয়োজন।
তবে অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো আশঙ্কা করছে, নতুন এই আইন বৈধ অভিবাসীর সংখ্যা বেশি—এমন বিভিন্ন জনগোষ্ঠী ও অঙ্গরাজ্যের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে। তাদের অনেকের বয়স ৬৫ বছরের বেশি। স্থায়ীভাবে বৈধভাবে বসবাসের অনুমতি বা গ্রিন কার্ড পাওয়ার অপেক্ষায় রয়েছেন তারা।
অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন জাস্টিস ইন এজিংয়ের ক্যালিফোর্নিয়া পরিচালক টিফানি হুয়েন-চো বলেন, ‘মেডিকেয়ারের ইতিহাসে এই প্রথম সরকার কর্মসূচির আওতাভুক্ত ব্যক্তিদের কাছ থেকে স্বাস্থ্যসেবা সুবিধা কেড়ে নিচ্ছে। এর মাধ্যমে মেডিকেয়ারের সেই প্রতিশ্রুতি ভঙ্গ করা হচ্ছে, যেখানে বলা হয়েছিল—আপনি কর দিলে অবসরকালীন জীবন বা প্রতিবন্ধী অবস্থায় এই সুবিধার ওপর নির্ভর করতে পারবেন।’
সামাজিক নিরাপত্তা প্রশাসনের এক মুখপাত্র বলেছেন, কংগ্রেস যে আইন পাস করেছে, তা বাস্তবায়ন করা সংস্থাটির দায়িত্ব। যারা সুবিধা হারাতে যাচ্ছেন, তাদের এ বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে। পাশাপাশি পরবর্তী করণীয় সম্পর্কেও জানানো হয়েছে। এর মধ্যে সংস্থাটির সঙ্গে যোগাযোগের উপায়ও রয়েছে।
শুধু মেডিকেয়ার নয়, বৈধ অভিবাসীদের মেডিকেইড স্বাস্থ্যসেবা এবং অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের আওতায় বিমা কেনার সরকারি ভর্তুকি থেকেও বাদ দেয়ার বৃহত্তর উদ্যোগের অংশ এই সিদ্ধান্ত। অনিবন্ধিত অভিবাসীরা আগে থেকেই এসব সুবিধা পাওয়ার যোগ্য নন।
দ্য ওয়াশিংটন পোস্ট বলছে, এ পদক্ষেপের আগে কয়েক মাস ধরে ট্রাম্প প্রশাসন মানবিক সুরক্ষা পাওয়া ব্যক্তিসহ লাখ লাখ অভিবাসীর বৈধ মর্যাদা বাতিলের চেষ্টা চালিয়েছে। একই সঙ্গে তাদের অনেককে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়নের উদ্যোগও নেয়া হয়েছে।
নতুন বিধিনিষেধ অনুযায়ী, এখন থেকে চার শ্রেণির মানুষ মেডিকেয়ার সুবিধা পাবেন। তারা হলেন—যুক্তরাষ্ট্রের নাগরিক ও জাতীয় মর্যাদাপ্রাপ্ত ব্যক্তি, দেশটিতে স্থায়ীভাবে বসবাসের বৈধ অনুমতিপ্রাপ্ত ব্যক্তি, কিউবা ও হাইতি থেকে আসা নির্দিষ্ট কিছু অভিবাসী এবং চুক্তির আওতায় নির্দিষ্ট কয়েকটি দেশ থেকে আসা অভিবাসী।
ট্রাম্পের প্রথম মেয়াদে হোয়াইট হাউসের সাবেক উপদেষ্টা এবং রক্ষণশীল গবেষণা প্রতিষ্ঠান প্যারাগন হেলথ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ব্রায়ান ব্লেজ বলছেন, যেসব মানুষের জন্য সরকারি কর্মসূচিগুলো তৈরি করা হয়েছে, তাদেরই এসব সুবিধা পাওয়া উচিত।
এক বিবৃতিতে তিনি বলেন, ‘ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্টের আওতায় ভিসাধারী বা আশ্রয়প্রার্থীদের মতো স্থায়ী বাসিন্দা নন—এমন অভিবাসীরা এখনো অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের বিমা ব্যবস্থার মাধ্যমে বিমা কিনতে পারবেন। তবে তাদের কেউ কেউ সরকারি ভর্তুকি আর পাবেন না।’
বিশ্লেষকেরা বলছেন, মেডিকেয়ার সুবিধা হারাতে যাওয়া ব্যক্তিরা সম্প্রতি সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা অভিবাসী বা নতুন আশ্রয়প্রার্থী নন। বরং তাদের অধিকাংশই কেন্দ্রীয় সরকারের যাচাই-বাছাই শেষে আশ্রয় পাওয়া ব্যক্তি ও শরণার্থী। তারা অন্তত এক দশক ধরে যুক্তরাষ্ট্রে বসবাস ও কাজ করছেন।
কেন্দ্রীয় সরকারের তথ্যের ভিত্তিতে করা হিসাব অনুযায়ী, এসব অভিবাসী মেডিকেয়ার কর্মসূচিতে ৬০০ কোটি ডলারের বেশি অর্থ দিয়েছেন।
মেডিকেয়ার ও সামাজিক নিরাপত্তা খাতের বিশেষজ্ঞরা জানিয়েছেন, তাদের মধ্যে অনেকের গ্রিন কার্ডের আবেদন অনুমোদিত হয়েছে। তবে ট্রাম্প প্রশাসনের নীতির কারণে তৈরি হওয়া প্রক্রিয়াগত জটিলতায় কার্ড হাতে পাননি তারা।
বিশ্লেষকদের আশঙ্কা, কেন্দ্রীয় সরকারের তহবিল কমে যাওয়ায় এমনিতেই বাজেট সংকটে থাকা অঙ্গরাজ্যগুলো হয়তো স্বাস্থ্যসেবার এই ঘাটতি পূরণের চেষ্টা করবে। তবে মেডিকেয়ার সুবিধা বন্ধ হয়ে গেলে বিমাহীন মানুষের সংখ্যা ব্যাপকভাবে বেড়ে যাবে। অনেকেই চিকিৎসা নিতে দেরি করবেন এবং পরে জরুরি চিকিৎসার জন্য হাসপাতালে যেতে বাধ্য হবেন।
বিশ্লেষকদের মতে, দুই পরিস্থিতিই অঙ্গরাজ্যগুলোর জন্য স্বাস্থ্যসেবা সংকট তৈরি করতে পারে।
নির্দলীয় গবেষণা প্রতিষ্ঠান সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসি প্রায়োরিটিজের অভিবাসন নীতিবিষয়ক ভাইস প্রেসিডেন্ট শেলবি গনজালেস বলেন, ‘অঙ্গরাজ্যগুলো কেন্দ্রীয় সরকারের সুবিধার মতো বিকল্প কর্মসূচি চালু করে এই ঘাটতি পূরণের চেষ্টা করতে পারে। কিন্তু আর্থিক সীমাবদ্ধতা ও নানা চ্যালেঞ্জের কারণে তাদের জন্য তা কঠিন হবে। কেন্দ্রীয় সরকার সরে যাওয়ার পর পরিস্থিতি সামাল দেয়া অঙ্গরাজ্যগুলোর জন্য সহজ হবে না।’
তিনি আরও বলেন, ‘যারা শারীরিকভাবে দুর্বল এবং দীর্ঘমেয়াদি রোগে ভুগছেন, নিয়মিত চিকিৎসা ও সেবা প্রয়োজন—নতুন এই সিদ্ধান্ত তাদের জন্য গুরুতর পরিণতি বয়ে আনবে।’
অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোর আশঙ্কা, মেডিকেয়ার সুবিধা বাতিলের সিদ্ধান্ত কারও কারও জীবনের জন্য হুমকি হয়ে উঠতে পারে। বিশেষ করে শেষ পর্যায়ের কিডনি রোগে আক্রান্ত বৈধ অভিবাসীদের জন্য বিষয়টি উদ্বেগজনক। এই গোষ্ঠীর অনেকেই দীর্ঘদিন ধরে ডায়ালাইসিস চিকিৎসার জন্য মেডিকেয়ার সুবিধা পেয়ে আসছেন।
বিশ্লেষকেরা বলছেন, কতজন অভিবাসী এই বিশেষ সুবিধা পেয়েছেন, সে বিষয়ে পর্যাপ্ত তথ্য নেই। তবে মেডিকেয়ার বন্ধ হয়ে গেলে তাদের অনেকেই ডায়ালাইসিস করাতে পারবেন না।
অধিকারকর্মীরা সতর্ক করেছেন, আগে মেডিকেয়ার পাওয়ার যোগ্য ছিলেন এমন অনেক অভিবাসী হয়তো বুঝতেই পারবেন না যে তাদের সুবিধা বন্ধ হয়ে গেছে। আগামী ১ ফেব্রুয়ারির পর ওষুধ কিনতে বা চিকিৎসকের কাছে যাওয়ার সময় তারা বিষয়টি জানতে পারেন।
শেলবি গনজালেসের মতে, সামাজিক নিরাপত্তা প্রশাসনের নথিপত্রে সবার সর্বশেষ তথ্য নাও থাকতে পারে। ফলে যারা যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেয়েছেন বা গ্রিন কার্ডধারী, তাদের কারও কারও সুবিধাও ভুলবশত বাতিল হয়ে যেতে পারে।
মেডিকেয়ার সুবিধা বাতিলের ওই চিঠিতে বলা হয়েছে, এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার অধিকার রয়েছে সংশ্লিষ্ট ব্যক্তিদের। এ জন্য সামাজিক নিরাপত্তা প্রশাসনের হটলাইনে ফোন করতে হবে অথবা অভিবাসন মর্যাদা পরিবর্তনের প্রমাণসংবলিত নথি অনলাইনে জমা দিতে হবে।
তবে অধিকারকর্মীদের আশঙ্কা, অনেকেই সুবিধা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে দেরি করবেন। ফলে আপিলের জন্য নির্ধারিত ৩০ দিনের সময়সীমা পার হয়ে যেতে পারে।

