সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় রাজধানীর হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা মামলা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে এজাহার দায়ের করেন তিনি।
এজাহারে আসিফ আকবর উল্লেখ করেন, গত ২৪ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে নিজের ব্যক্তিগত গাড়ি নিয়ে রাজধানীর মগবাজারের বিশাল মার্কেটের তৃতীয় তলায় অবস্থিত তার অফিসে যান। গাড়িটি মার্কেটের নিচে পার্কিংয়ে রাখা ছিল।
এজাহার অনুযায়ী, ২৪ অক্টোবর ভোর আনুমানিক ৪টা ৫০ মিনিটে অফিসে অবস্থানকালে তিনি বিকট শব্দ শুনতে পান। পরে দ্রুত নিচে নেমে পার্কিংয়ে গিয়ে দেখেন, তার গাড়ির পেছনের ডান পাশের দরজার কাচ ভাঙা।
পরে অফিসে ফিরে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করেন আসিফ আকবর। এজাহারে তার অভিযোগ, ফুটেজে দেখা যায়, মগবাজার থেকে ওয়ারলেসগামী ফ্লাইওভারের নিচের সড়ক দিয়ে আসা একটি অজ্ঞাতনামা সিএনজিচালিত অটোরিকশা থেকে এক ব্যক্তি নেমে বিশাল মার্কেটের নিচে গাড়ি পার্কিংয়ের স্থানে আসেন। এরপর ওই ব্যক্তি আগ্নেয়াস্ত্র দিয়ে তার গাড়ির পেছনের ডান পাশের দরজার কাচ লক্ষ্য করে গুলি চালান। পরে অটোরিকশায় করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি।
ঘটনার পর হাতিরঝিল থানার পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি ব্যবহৃত গুলির অংশবিশেষ উদ্ধার করে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় এজাহারে স্থানীয় কয়েকজনকে সাক্ষী হিসেবে উল্লেখ করেছেন আসিফ আকবর। অজ্ঞাতনামা ব্যক্তিরা পরস্পরের যোগসাজশে তাকে হত্যার উদ্দেশ্যে গুলি চালিয়েছেন এবং তার গাড়ির কাচ ভেঙে ক্ষতিসাধন করেছেন বলে অভিযোগ করেন তিনি।
এজাহারে আরও বলা হয়, ঘটনার পর পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে থানায় আসতে কিছুটা বিলম্ব হওয়ায় মামলা দায়েরে দেরি হয়েছে।

