spot_img

যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘বাণিজ্যযুদ্ধে’ নামল কানাডা, পাল্টা শুল্ক আরোপের ঘোষণা

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের আরোপ করা নতুন শুল্কের পাল্টা জবাব দিতে বাণিজ্যযুদ্ধে নামার ঘোষণা দিয়েছে কানাডা। দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, আগামী ৮ সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন পণ্যে পাল্টা সমপরিমাণ বা ‘ডলার-ফর-ডলার’ শুল্ক আরোপ করবে কানাডা। তিনি বলেছেন, সমঝোতায় পৌঁছাতে সব চেষ্টা করেও শেষ পর্যন্ত আলোচনা ব্যর্থ হয়েছে, কারণ যুক্তরাষ্ট্র অতিরিক্ত দাবি করেছে এবং শেষ মুহূর্তে নতুন কিছু শর্ত দিয়েছে।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, স্থানীয় সময় শনিবার (২২ আগস্ট) কানাডার জনগণের উদ্দেশে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী কার্নি এ ঘোষণা দেন। এর কয়েক ঘণ্টা আগে কানাডার প্রায় ২০ বিলিয়ন ডলারের পণ্যে ৫০ শতাংশ শুল্ক কার্যকর করে যুক্তরাষ্ট্র।

কার্নি বলেন, ৮ সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রের ইস্পাত, দুগ্ধজাত পণ্য, গৃহস্থালির যন্ত্রপাতি, কৃষি সরঞ্জাম, কাগজ ও ইলেকট্রনিক পণ্যের ওপর সমপরিমাণ শুল্ক আরোপ করবে কানাডা। তিনি এই পদক্ষেপকে ‘সুনির্দিষ্ট পাল্টা ব্যবস্থা’ হিসেবে উল্লেখ করেন।

কানাডার এই প্রধানমন্ত্রী বলেন, ‘কানাডার শ্রমিক ও তাদের পরিবারকে সুরক্ষা দেয়া, আমাদের অর্থনীতি শক্তিশালী করা এবং কানাডার সার্বভৌমত্বের প্রতি সম্মান নিশ্চিত করে—এমন একটি সমঝোতায় পৌঁছাতে আমরা সব ধরনের চেষ্টা করেছি। অনিচ্ছা সত্ত্বেও আমাদের এই পদক্ষেপ নিতে হচ্ছে।’

কানাডার পণ্যে নতুন শুল্ক কার্যকর হবে কি না, তা নিয়ে কয়েক সপ্তাহ ধরেই অনিশ্চয়তা চলছিল। দুই দেশের মধ্যে চলমান বাণিজ্য বিরোধের অংশ হিসেবে জুলাইয়ে প্রথম এই নতুন শুল্কের ঘোষণা দেয়া হয়।

মূলত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেয়ার পর থেকেই কানাডার ওপর চাপ বাড়িয়ে আসছেন ট্রাম্প। পশ্চিম গোলার্ধে যুক্তরাষ্ট্রের প্রভাব বাড়ানো এবং নিজেদের স্বার্থ এগিয়ে নিতে তিনি এই চাপ প্রয়োগ করছেন। আর এরই অংশ হিসেবে ট্রাম্প কানাডার বাণিজ্যনীতিকে ‘বৈষম্যমূলক আচরণ’ বলে অভিযোগ করে গত ২০ জুলাই ৫০ শতাংশ শুল্ক ঘোষণা করেন।

সর্বশেষ সংবাদ

প্রথমবারের মত টেস্ট র‌্যাংকিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো ষষ্ঠ স্থানে উঠেছে বাংলাদেশ। রোববার (২৩ আগস্ট) আইসিসি ওয়েবসাইটে হালনাগাদ করা টেস্ট র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ...

এই বিভাগের অন্যান্য সংবাদ