যুদ্ধের দীর্ঘমেয়াদি প্রভাব কি এবার ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর সদস্যদের মানসিক স্বাস্থ্যে স্পষ্ট হয়ে উঠছে? দেশটির সেনাবাহিনী, রিজার্ভ বাহিনী ও পুলিশ সদস্যদের আত্মহত্যার পরিসংখ্যানে উঠে এসেছে উদ্বেগজনক চিত্র। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনীর ২৩ জন সক্রিয় সদস্য আত্মহত্যা করেছেন, যা গত ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম হারেৎজ।
ইরানের সংবাদমাধ্যম পার্সটুডের বরাতে দেশটির জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
ইসরায়েলি সংবাদপত্র হারেৎজের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের যুদ্ধের সময় দেশটির রিজার্ভ বাহিনীর অন্তত ১৭ জন সদস্যও আত্মহত্যা করেছেন। একই সময়ে ইসরায়েলের পাঁচজন পুলিশ সদস্যের আত্মহত্যার ঘটনা ঘটেছে।
এ ছাড়া দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পুনর্বাসন বিভাগের অধীনে চিকিৎসাধীন ব্যক্তিদের মধ্যে ছয়টি আত্মহত্যার ঘটনা নথিভুক্ত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এসব পরিসংখ্যান ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর বিভিন্ন স্তরে আত্মহত্যার ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
বিশেষ করে ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে এ ধরনের ঘটনা বেড়েছে বলে হারেৎজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সেনাবাহিনীর সক্রিয় সদস্য থেকে শুরু করে রিজার্ভ সেনা ও পুলিশ সদস্যদের মধ্যে আত্মহত্যার এসব ঘটনা যুদ্ধের দীর্ঘমেয়াদি প্রভাব এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন সামনে নিয়ে এসেছে। হারেৎজ

