অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ও তারকা ব্যাটার ডেভিড ওয়ার্নার মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) সিডনির ওয়েভারলি লোকাল কোর্ট তাকে ১,৫০০ অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করেছে। পাশাপাশি গাড়ি চালাতে হলে তার গাড়িতে ইন্টারলক ডিভাইস লাগাতে হবে। প্রতিবেদন ক্রিকেট অস্ট্রেলিয়ার।
জানা গেছে, ইস্টার সানডেতে একটি র্যান্ডম ব্রেথ-টেস্টিং চেকপয়েন্টের কাছে যাওয়ার সময় তিনি গাড়িতে থাকা এক নারী যাত্রীর সঙ্গে আসন পরিবর্তনের চেষ্টা করেছিলেন। পরে পুলিশ নিশ্চিত করে যে তিনিই গাড়ি চালাচ্ছিলেন। পরীক্ষায় তার শরীরে আইনসিদ্ধ সীমার দ্বিগুণেরও বেশি মাত্রায় অ্যালকোহল পাওয়া যায়।
ওয়ার্নারের আইনজীবী আওয়াইস আহমাদ আদালতে তার মক্কেলকে দোষী সাব্যস্ত না করার আবেদন করেন। তিনি বলেন, ঘটনাটি আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপকভাবে প্রকাশিত হওয়ায় ওয়ার্নার ইতোমধ্যে অতিরিক্ত শাস্তির মুখে পড়েছেন। ইএসপিএন, আল জাজিরা ও ইন্ডিয়ান এক্সপ্রেসসহ বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি প্রকাশিত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
আইনজীবী আরও দাবি করেন, ভারত ও বাংলাদেশের মতো দেশে ‘মদ্যপানবিরোধী সংস্কৃতি’ তুলনামূলকভাবে প্রবল এবং সেখানে টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে ওয়ার্নারের বাণিজ্যিক সুযোগ ক্ষতিগ্রস্ত হতে পারে।
তবে বিচারক ক্লেয়ার ফারনান এসব যুক্তির পরও ওয়ার্নারকে দোষী সাব্যস্ত করেন। তিনি বলেন, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো প্রতিরোধে জনসাধারণকে নিরুৎসাহিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে গাড়িতে শিশুদের উপস্থিতি থাকায় অপরাধটির গুরুত্ব আরও বেড়েছে বলে জানান তিনি।
বিচারক বলেন, গত পাঁচ বছরে ১৭ হাজার ৩০০-এর বেশি মানুষ নিউ সাউথ ওয়েলসে মিড-রেঞ্জ ড্রিংক-ড্রাইভিংয়ের ঘটনায় আদালতের মুখোমুখি হয়েছেন। ওয়ার্নার ভবিষ্যতে একই অপরাধ পুনরায় করবেন না; এমন সম্ভাবনাও তিনি মেনে নেন। তবে তিনি মনে করিয়ে দেন, নিউ সাউথ ওয়েলসে সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এখনো একটি গুরুত্বপূর্ণ কারণ।
ওয়ার্নারকে গ্রেপ্তার করা হয়েছিল পাকিস্তান সুপার লিগে করাচি কিংসের অধিনায়কত্ব করার পর অস্ট্রেলিয়ায় ইস্টারের ছুটিতে ফেরার সময়। ঘটনার পর তার সিডনি থান্ডারের অধিনায়কত্বও হুমকির মুখে পড়েছিল বলে আদালতে জানানো হয়।
ইন্টারলক লাইসেন্সের জন্য আবেদন করে গাড়িতে ডিভাইসটি সংযোজন করার পর ওয়ার্নার আবার গাড়ি চালাতে পারবেন। ডিভাইসটি চালু অবস্থায় অ্যালকোহল শনাক্ত হলে গাড়ির ইঞ্জিন স্টার্ট হতে দেবে না।

