ঢাকা ইন্টারস্কুল চ্যাম্পিয়নস লিগের ২০২৬ আসরের গ্র্যান্ড ফাইনাল হবে আগামী সোমবার। স্পোর্টাম্যাজিকা ও ফর্টিস এফসির যৌথ উদ্যোগে আয়োজিত ৩৬টি স্কুলের এই টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল (বিআইটি) এবং নৌবাহিনী কলেজ, ঢাকা।
সমাপনী আসরে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন ১৯৯০ সালের বিশ্বকাপ ফাইনাল খেলা আর্জেন্টিনার সাবেক তারকা ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া।
উদীয়মান তরুণ খেলোয়াড়দের উৎসাহিত করতেই সৌজন্যমূলক সফরে টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে যোগ দিচ্ছেন দিয়োগো ম্যারাডোনা ও গ্যাব্রিয়েল বাতিস্তুতার এই সতীর্থ।
বাংলাদেশে সফরকালে ফর্টিস এফসির সুযোগ-সুবিধা পরিদর্শনসহ দেশের বয়সভিত্তিক ফুটবলের উন্নয়নে ভবিষ্যতের যৌথ সম্ভাবনা নিয়ে আয়োজকদের সঙ্গে আলোচনা করবেন ক্যানেজিয়া।
ফর্টিস ডাউনটাউন রিসোর্ট ও গ্রাউন্ডসে বিকেল ৩টা থেকে শুরু হবে এই আয়োজন। ৩:১৫ মিনিটে শুরু হওয়া ফাইনাল ম্যাচ শেষে বিকেল ৪টায় ট্রফি বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এরপর বিকেল সাড়ে ৫টায় আয়োজক ও তারকা অতিথি ক্যানেজিয়াকে নিয়ে অনুষ্ঠিত হবে সংবাদ সম্মেলন।
বাংলাদেশে বয়সভিত্তিক ফুটবলের প্রসার, তৃণমূলের উন্নয়ন এবং তরুণ ফুটবলারদের বড় মঞ্চ তৈরি করার লক্ষ্যেই এই যৌথ টুর্নামেন্টটি আয়োজন করেছে স্পোর্টাম্যাজিকা ও ফর্টিস এফসি।
সূত্র: টি স্পোর্টস

