spot_img

গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ, আইনি ব্যবস্থার প্রস্তুতি মেসির আইনজীবীদের

অবশ্যই পরুন

রোজারিওর এল প্রাদো কবরস্থানে স্থানীয় সময় রোববার দুপুরে শেষ হয়েছে হোর্হে মেসির অন্ত্যেষ্টিক্রিয়া। বাবাকে শেষবিদায় জানানোর সেই একান্ত মুহূর্তেও গণমাধ্যমের ক্যামেরা থেকে রেহাই পাননি লিওনেল মেসি ও তার পরিবার। এ ঘটনায় পরিবারের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে একাধিক সংবাদমাধ্যমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন মেসির আইনজীবীরা।

দুই দিন আগে গভীর রাতে ৬৮ বছর বয়সে রোজারিওর একটি হাসপাতালে মারা যান হোর্হে মেসি। গতকাল পেরেস এলাকার রুট ৩৩-এর পাশে অবস্থিত বেসরকারি কবরস্থান এল প্রাদোয় পারিবারিকভাবে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

বাবার শেষ বিদায়ে অংশ নিতে স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও তিন সন্তানকে নিয়ে যুক্তরাষ্ট্র থেকে বিশেষ বিমানে রোজারিও পৌঁছান মেসি। সেখানে তিনি মা সেলিয়া কুচ্চিত্তিনি, ভাইবোন ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে যোগ দেন। নিরাপত্তার কারণে স্থানীয় সময় শনিবার দুপুর থেকেই কবরস্থানের প্রবেশপথ সাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয়। শুধু অনুমোদিত যানবাহনকেই সেখানে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল।

তবে নিরাপত্তাবেষ্টনী উপেক্ষা করে কবরস্থান এলাকায় আকাশপথে ড্রোন ওড়ায় বুয়েনস এইরেসভিত্তিক কয়েকটি টেলিভিশন চ্যানেল। রোজারিওর স্থানীয় সংবাদমাধ্যম লা কাপিতালসহ একাধিক আর্জেন্টাইন সংবাদমাধ্যমও এ তথ্য নিশ্চিত করেছে।

ড্রোনের মাধ্যমে ওপর থেকে শোকার্ত মেসি পরিবারের ছবি ধারণের চেষ্টা সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়। অনেকেই এটিকে সাংবাদিকতার নৈতিক সীমা লঙ্ঘন এবং পরিবারের ব্যক্তিগত শোকের মুহূর্তে অনধিকার হস্তক্ষেপ হিসেবে আখ্যা দেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সান্তা ফে পুলিশ জরুরি ভিত্তিতে কবরস্থান এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে। রোববার শেষকৃত্য শেষ হওয়া পর্যন্ত ওই নিষেধাজ্ঞা বহাল ছিল।

এ ঘটনার পরই আইনি পদক্ষেপের প্রস্তুতি শুরু করেছে মেসির আইনজীবী দল। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যেসব গণমাধ্যম মেসি পরিবারের ব্যক্তিগত শোকযাত্রার সীমা লঙ্ঘন করে ছবি ধারণের চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন আইনজীবীরা।

শেষকৃত্যের খবর প্রকাশের আগেই মেসি পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছিল, হোর্হে মেসির বিদায় হবে সম্পূর্ণ পারিবারিকভাবে। কোনো উন্মুক্ত শোকসভা আয়োজন করা হবে না।

তবে মেসির বাবার মৃত্যুতে শোক জানাতে কবরস্থানের বাইরে ভিড় করেন অনেক ভক্ত। তাদের মধ্যে ছিলেন ১৫ বছর বয়সী লুকাস ব্লাঙ্কো। মেসির প্রতি শ্রদ্ধা জানাতে তিনি প্রায় ৭০০ কিলোমিটার দূর থেকে রোজারিও এসেছিলেন।

লুকাসের মতো অনেক ভক্তই মনে করেন, আর্জেন্টিনার ফুটবলে মেসি যে অবদান রেখেছেন, তার প্রতি কৃতজ্ঞতা জানানোর এটিই তাদের সুযোগ। কেউ কেউ হাতে পোস্টার নিয়ে সেখানে দাঁড়ান, যেখানে লেখা ছিল—‘মেসি, শক্ত থাকুন’।

 

সর্বশেষ সংবাদ

দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে নতুন সূচনা জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী

ভৌগোলিক, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক নানা প্রেক্ষাপটে বাংলাদেশ ও ভারত একে অপরের ওপর নির্ভরশীল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

এই বিভাগের অন্যান্য সংবাদ