ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে কুয়েতের সম্পৃক্ততার অভিযোগ প্রত্যাখ্যান করেছে দেশটির সরকার। কুয়েত জানিয়েছে, ইরানে হামলা চালানোর জন্য তাদের ভূখণ্ড, আকাশসীমা বা জলসীমা ব্যবহারের অনুমতি কোনো পক্ষকে দেওয়া হয়নি।
মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত একটি প্রতিবেদনের পর এ বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয় কুয়েত। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনার বরাতে বিষয়টি জানানো হয়েছে।
ওই প্রতিবেদনে দাবি করা হয়, পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাবে কুয়েত ও বাহরাইন গোপনে ইরানে বিমান হামলা চালিয়েছে। এতে আরও বলা হয়, ইরানের কয়েকটি সামরিক স্থাপনা এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্রের গুদাম লক্ষ্য করে এসব হামলা পরিচালনা করা হয়। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত গোয়েন্দা তথ্য দিয়ে অভিযানে সহায়তা করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
প্রতিবেদনটি প্রকাশের পর যুক্তরাষ্ট্রে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত শেখা আল-জেইন আল-সাবাহ ওয়াল স্ট্রিট জার্নালের সম্পাদকীয় বোর্ডের কাছে একটি চিঠি পাঠান। সেখানে তিনি এসব অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন।
চিঠিতে কুয়েতের রাষ্ট্রদূত বলেন, ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে কুয়েত অংশ নেয়নি। একইসঙ্গে দেশটির ভূখণ্ড, আকাশসীমা বা জলসীমা ব্যবহার করে কোনো আক্রমণাত্মক অভিযান পরিচালনার অনুমতিও দেওয়া হয়নি।
এদিকে, ইরানের সংবাদমাধ্যম মেহর নিউজ জানিয়েছে, কুয়েত প্রকাশিত প্রতিবেদনের তথ্য কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে। তবে এ বিষয়ে বাহরাইনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র: মেহর নিউজ

