বর্তমান সরকারের ভালো কাজকে সমর্থন করা হলেও জনবিরোধী কোনো পদক্ষেপ নিলে অতীতের মতোই আপসহীন অবস্থান নেবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক।
তিনি বলেছেন, বাজেটে দেশের শ্রমিকদের জন্য কোনো থোক বরাদ্দ রাখা হয়নি। অথচ সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন বাড়ানোর ব্যবস্থা করা হচ্ছে।
রোববার (১৪ জুন) বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
সাইফুল হক বলেন, এবারের বাজেটের একটি বড় অংশ ব্যাংক ও বৈদেশিক ঋণ থেকে নেওয়ার কথা বলা হয়েছে। ঋণের এই বিশাল চাপ শেষ পর্যন্ত দেশের সাধারণ মানুষকে বহন করতে হবে বলে আশঙ্কা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, একইসঙ্গে রাজস্ব আদায় নিশ্চিত করা না গেলে এই বাজেট বাস্তবায়ন কোনোভাবেই সম্ভব নয়।
গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে সাইফুল হক বলেন, গণঅভ্যুত্থানে যে সমস্ত শ্রমিকরা প্রাণ দিয়েছেন, তাদের এখনও পর্যন্ত প্রাপ্য ও উপযুক্ত সম্মান দেওয়া হয়নি।

