spot_img

ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা সক্ষমতায় যুক্তরাষ্ট্রের চেয়ে ভালো অবস্থানে ইরান: আইআরজিসি

অবশ্যই পরুন

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, দেশটির ক্ষেপণাস্ত্র উৎপাদন নিরবচ্ছিন্নভাবে অব্যাহত রয়েছে। একই সঙ্গে দিন দিন এসব ক্ষেপণাস্ত্রের নির্ভুলতা ও ধ্বংসক্ষমতা বৃদ্ধি পাচ্ছে।

আজ (বৃহস্পতিবার) ইরানের জাতীয়   সম্প্রচার সংস্থা (আইআরআইবি)-কে দেওয়া এক সাক্ষাৎকারে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি বলেন, ক্ষেপণাস্ত্রসহ আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক অস্ত্রের সক্ষমতার দিক থেকে ইরান যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক ভালো অবস্থানে রয়েছে।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র বর্তমানে কৌশলগত অস্ত্রের সংকটে ভুগছে। অন্যদিকে ইরান অতীতে এ ধরনের সংকটের মুখোমুখি হয়নি এবং ভবিষ্যতেও এমন সংকট দেখা দেওয়ার আশঙ্কা নেই।  বরং আমরা ধারাবাহিকভাবে আমাদের ক্ষেপণাস্ত্রের সক্ষমতা, নির্ভুলতা ও ধ্বংসক্ষমতা বৃদ্ধি করছি।’

বিদেশি অস্ত্রের ওপর নির্ভরশীলতা কাটিয়ে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও অন্যান্য প্রতিরক্ষা প্রযুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতির মাধ্যমে ইরান আজ অনেকাংশে স্বনির্ভর সামরিক শক্তিতে পরিণত হয়েছে। অন্যায্য নিষেধাজ্ঞা মোকাবিলা করে প্রতিরক্ষা খাতে ইরানের এই রূপান্তরকে কৌশলগত অভিযোজন ও স্বনির্ভরতার এক উল্লেখযোগ্য দৃষ্টান্ত হিসেবে তুলে ধরেছে প্রেস টিভি।

হরমুজ প্রণালিতে আইআরজিসির সামরিক শক্তির চাপে যুক্তরাষ্ট্র

সাক্ষাৎকারের অন্য এক অংশে মোহেব্বি বলেন, হরমুজ প্রণালিতে আইআরজিসির শক্তিশালী ও ধারাবাহিক সামরিক তৎপরতা যুক্তরাষ্ট্রকে ব্যাপক চাপের মুখে ফেলেছে।

তিনি জানান, ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূল ও পারস্য উপসাগরের দ্বীপগুলোতে মোতায়েন আইআরজিসির সদস্যরা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে দেশের সীমান্ত রক্ষা করছেন।

আইআরজিসির মুখপাত্র বলেন, বাহিনীর ব্যাপক ও শক্তিশালী আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক সক্ষমতার উদ্দেশ্য হচ্ছে শত্রুপক্ষ ও তাদের মিত্রদের জন্য হরমুজ প্রণালি বন্ধ রাখা, মার্কিন অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করা এবং ইরানের জনগণ ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করা।

তিনি আরও বলেন, শত্রুপক্ষের ড্রোন সফলভাবে প্রতিহত করা এবং হরমুজ প্রণালির আকাশে বিপুলসংখ্যক ড্রোন ধ্বংসের ঘটনা ইরানের সশস্ত্র বাহিনীর উন্নত প্রযুক্তিগত সক্ষমতার প্রমাণ বহন করে।

২০২৫ সালের জুনে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে প্রথম যুদ্ধ শুরু করে, যা ১২ দিন স্থায়ী হয়। পরবর্তী সময়ে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি দ্বিতীয় দফায় সামরিক আগ্রাসন শুরু হয়, যা ৪০ দিন পর এপ্রিলের প্রথমার্ধে সাময়িকভাবে বন্ধ হয়।

উভয় যুদ্ধেই ইরানের দৃঢ় প্রতিরোধ ও জোরালো পাল্টা সামরিক অভিযানের মুখে আগ্রাসনকারীরা যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয়।

এ ছাড়া, মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের উসকানিমূলক কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে দ্বিতীয় দফায় যুদ্ধ শুরুর পর থেকেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ওপর কঠোর নিয়ন্ত্রণ বজায় রেখেছে ইরান। সূত্র: পার্সটুডে

সর্বশেষ সংবাদ

ট্রাম্পের জবাবে এফ-৩৫ ও এফ-২২ নয়, এফ-১৬-কে বেছে নেন মার্কিন পাইলট

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক প্রশ্নের জবাবে অত্যাধুনিক এফ-৩৫ ও এফ-২২ যুদ্ধবিমানের পরিবর্তে এফ-১৬-কে নিজের পছন্দের বিমান হিসেবে বেছে...

এই বিভাগের অন্যান্য সংবাদ