শীত এলেই অনেকের ক্ষুধা বেড়ে যায়। বারবার খাবার খেতে ইচ্ছা করে, বিশেষ করে উষ্ণ ও মুখরোচক খাবারের প্রতি আকর্ষণ বাড়ে। ফলে অজান্তেই বেড়ে যেতে পারে দৈনিক ক্যালরি গ্রহণের পরিমাণ। তবে শীতকালে ওজন বাড়ার পেছনে শুধু ঠান্ডা আবহাওয়া নয়, ঘুমের অনিয়ম, খাদ্যাভ্যাসের পরিবর্তন এবং শারীরিক পরিশ্রম কমে যাওয়ার মতো কারণও রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, ঠান্ডা আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখতে অতিরিক্ত শক্তি খরচ হতে পারে। এ সময় শরীর কাঁপুনি বা শিভারিং এবং ব্রাউন ফ্যাট কোষ সক্রিয় করার মতো প্রক্রিয়ার মাধ্যমে তাপ উৎপাদন করে।
শীতকালে খাবারের আকাঙ্ক্ষা কেন বাড়ে?
শীতকালে উষ্ণ ও বেশি ক্যালরিযুক্ত খাবারের প্রতি আকর্ষণ বাড়ে। গাজরের হালুয়া, শুকনো ফল, বাদাম, স্যুপ, পরোটা, ভাজা মাছ ও সেদ্ধ ডিমের মতো খাবার এ সময় অনেকের পছন্দের তালিকায় থাকে।
অপর্যাপ্ত ঘুম যেভাবে ক্ষুধা বাড়ায়
শীতকালে দিন ছোট হওয়া, রাত জাগা এবং ঘুমের সময়সূচিতে পরিবর্তন আসার কারণে খাদ্যাভ্যাসেও প্রভাব পড়তে পারে। অনিয়মিত সময়ে খাবার খাওয়া এবং বারবার নাশতা করার প্রবণতা বাড়ে।
বিশেষজ্ঞদের মতে, পর্যাপ্ত ঘুম না হলে ক্ষুধা নিয়ন্ত্রণকারী দুটি গুরুত্বপূর্ণ হরমোন ঘ্রেলিন ও লেপটিনের ভারসাম্যে পরিবর্তন আসতে পারে। ঘ্রেলিন ক্ষুধা বাড়াতে এবং লেপটিন পেট ভরা থাকার সংকেত দিতে ভূমিকা রাখে। ফলে ঘুমের ঘাটতি হলে খাবারের প্রতি আকাঙ্ক্ষা বাড়তে পারে এবং ক্ষুধা নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ে।
এ ছাড়া শীতের দিনে বাইরে বের হওয়া ও হাঁটাচলা কমে যাওয়ায় শারীরিক সক্রিয়তা হ্রাস পায়। এতে শরীরের ক্যালরি খরচ কমে গিয়ে ওজন বাড়ার ঝুঁকি তৈরি হয়।
শীতের পছন্দের খাবার পুরোপুরি বাদ দেওয়ার প্রয়োজন নেই। বরং খাবারের পরিমাণ ও পুষ্টিগুণের দিকে নজর দেওয়া জরুরি।
বিশেষজ্ঞরা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে প্রোটিন ও ফাইবারসমৃদ্ধ খাবার খাওয়ার পরামর্শ দেন। এ ক্ষেত্রে ডাল, ডিম, পনির, শাকসবজি, পূর্ণ শস্য এবং শিমজাতীয় খাবার খাদ্যতালিকায় রাখা যেতে পারে।
পাশাপাশি নিয়মিত শরীরচর্চাও গুরুত্বপূর্ণ। শীতকালে শারীরিক সক্রিয়তা কমে গেলে প্রতিদিন হাঁটা, ঘরে ব্যায়াম করা, স্ট্রেচিং এবং কাজের ফাঁকে কিছুক্ষণ হাঁটাচলা করা উপকারী।
এ ছাড়া পর্যাপ্ত ঘুম এবং নির্দিষ্ট সময়ে খাবার খাওয়ার অভ্যাস বজায় রাখলে ক্ষুধা ও ওজন নিয়ন্ত্রণে রাখা সহজ হয়।
ভারসাম্য বজায় রাখাই মূল কথা
শীতকালে ক্ষুধা বেড়ে যাওয়া মানেই শরীরে কোনো স্বাস্থ্য সমস্যা রয়েছে, এমন নয়। আবহাওয়া, ঘুম, খাদ্যাভ্যাস ও দৈনন্দিন জীবনযাত্রার পরিবর্তন এর পেছনে ভূমিকা রাখতে পারে।
তাই শীতের মৌসুমি খাবার উপভোগের পাশাপাশি সুষম খাদ্য গ্রহণ, পর্যাপ্ত ঘুম এবং নিয়মিত শারীরিক পরিশ্রমের অভ্যাস বজায় রাখাই অপ্রয়োজনীয় ওজন বৃদ্ধি ঠেকানোর অন্যতম উপায়।

