দেশের পাঁচটি বিভাগে নতুন পাঁচটি শিশু হাসপাতাল প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শিশুদের চিকিৎসা সেবা উন্নয়নে নেওয়া এই উদ্যোগ স্বাস্থ্যসেবাকে বিকেন্দ্রীকরণ ও শক্তিশালী করবে বলে মনে করেন মন্ত্রী।
যে ৫ বিভাগে হচ্ছে শিশু হাসপাতাল
খুলনা, রাজশাহী, রংপুর, বরিশাল ও কুমিল্লায় এসব শিশু হাসপাতাল স্থাপন করা হবে বলে জানান মন্ত্রী। মন্ত্রী আরও জানান, আগামী ৬ মাসের মধ্যে ২০০ শয্যাবিশিষ্ট এসব শিশু হাসপাতাল উদ্বোধন করা হবে। তিনি বলেন, দেশের শিশুদের চিকিৎসা সেবা উন্নয়নে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া দেশে ক্যান্সার হাসপাতালও স্থাপনের কার্যক্রম চলছে।
স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে প্রতিটি জেলায় ১০১ শয্যাবিশিষ্ট শিশু হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী। এর মাধ্যমে জেলা পর্যায়েই শিশুদের বিশেষায়িত চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
এ সময় মন্ত্রী জানান, দেশের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রায় ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৮০ শতাংশই নারী স্বাস্থ্যকর্মী থাকবেন। তিনি বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর কাছে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।
জলাতঙ্ক প্রতিরোধে ভ্যাকসিন সরবরাহ
সংসদে প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী আরও জানান, কুকুরের কামড়ের পর হওয়া জলাতঙ্ক রোগ অত্যন্ত মারাত্মক। এ রোগ প্রতিরোধে বর্তমানে দেশের সব হাসপাতালে ৫ লাখ ৫৮ হাজার ৭০০ ডোজ অ্যান্টি-রেবিস ভ্যাকসিন সরবরাহ করা হয়েছে এবং এই কার্যক্রম চলমান রয়েছে।
সংসদ সদস্য ও দেশবাসীকে আশ্বস্ত করে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, “চার স্তরে আমরা মজুত রেখেছি। মাননীয় সংসদ সদস্যকে নিশ্চয়তা প্রদান করছি, ইনশাআল্লাহ এই আশ্বিন মাসে কুকুরে বেশি কামড়ালেও আল্লাহর রহমতে আমাদের ভ্যাকসিনের কোনও অভাব হবে না।’

