spot_img

গৃহকর্মীর বেতন নিয়ে মন্তব্য, বিপাকে বলিউড অভিনেত্রী

অবশ্যই পরুন

গৃহকর্মীর বেতন নিয়ে বলিউড অভিনেত্রী কীর্তি কুলহারির একটি মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল বিতর্কের জন্ম দিয়েছে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে কীর্তি তার নতুন বাড়ির গৃহকর্মীর পারিশ্রমিক নিয়ে বিস্ময় প্রকাশ করার পর থেকেই নেটপাড়ায় শুরু হয়েছে তীব্র সমালোচনা। অধিকাংশ নেটিজেনই গৃহকর্মীর দাবিকৃত বেতনকে অত্যন্ত যৌক্তিক, এমনকি বর্তমান বাজারের তুলনায় কম বলেও মন্তব্য করছেন।

বলিউড বাবল-কে দেওয়া ওই সাক্ষাৎকারে কীর্তি কুলহারি জানান, সম্প্রতি তিনি মুম্বাইয়ের ইয়ারি রোডের একটি নতুন বাড়িতে উঠেছেন। সেখানে নতুন রাঁধুনি এবং গৃহকর্মীর পারিশ্রমিকের হার শুনে তিনি রীতিমতো আকাশ থেকে পড়েন। কীর্তি বলেন, দৈনিক মাত্র দুই ঘণ্টার কাজের জন্য তার কাছে ১০ হাজার রুপি দাবি করা হয়। এই দুই ঘণ্টার মধ্যে ঘর ঝাড়ু দেওয়া, মোছা এবং বাসন মাজার পাশাপাশি ডাস্টিং ও কাপড় কাচার মতো গৃহস্থালি সব কাজই সেরে দেওয়ার কথা ছিল।

কীর্তি ক্ষোভ প্রকাশ করে বলেন, দিনে মাত্র দুই ঘণ্টা এসে নিজের সুবিধামতো কাজ করার জন্য একজন মানুষ কীভাবে ১০ হাজার রুপি চাইতে পারেন, তা তার মাথায় আসছে না। তিনি আরও যোগ করেন, বিষয়টি নিয়ে তিনি তার ম্যানেজারের সঙ্গেও আলোচনা করেছেন এবং তাদের মনে হয়েছে সেলিব্রিটি বা চেনা মুখ দেখেই হয়তো অতিরিক্ত টাকা দাবি করা হচ্ছে।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরপরই কীর্তির এই মানসিকতা ও কথা বলার ধরন নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। শহরাঞ্চলে জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় এবং কাজের চাপের কথা উল্লেখ করে অনেকেই এই পারিশ্রমিককে একদম সঠিক বলে দাবি করেছেন। এই বিতর্ক আরও উসকে দেয় যখন জনপ্রিয় অভিনেত্রী ও টেলিভিশন সঞ্চালক মিনি মাথুর এই বিষয়ে নিজের মতামত জানান।

সাধারণ মানুষের সুরে সুর মিলিয়ে মিনি মাথুর বলেন, একজন গৃহকর্মী দুই ঘণ্টা কাজ করে আমাদের যে স্বস্তি দেন, তার ওপর ভিত্তি করেই আমরা বাকি সময়ে অনেক বেশি অর্থ উপার্জন করতে পারি। বিশ্বের যেকোনো দেশের তুলনায় এই পারিশ্রমিক ন্যূনতম মজুরিরও নিচে। অন্যদিকে কৌতুক অভিনেতা বিবেক সামতানিও বিষয়টির সমালোচনা করে লিখেছেন, এই হিসাব অনুযায়ী প্রতি ঘণ্টার পারিশ্রমিক দাঁড়ায় মাত্র দুই ডলারেরও কম, আর এটাকেও বেশি মনে হচ্ছে? সত্যিই অবাক করার মতো।

কীর্তি কুলহারিকে সর্বশেষ দেখা গিয়েছিল হিমেশ রেশমিয়ার ‘ব্যাডঅ্যাস রবি কুমার’ চলচ্চিত্রে। তবে আপাতত পর্দার কাজের চেয়ে তার এই মন্তব্য ঘিরেই সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় বইছে।

সূত্র: এনডিটিভি

সর্বশেষ সংবাদ

চামড়া শিল্পকে আরো শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, কোরবানির চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের চামড়া শিল্পকে...

এই বিভাগের অন্যান্য সংবাদ