জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রণীত ‘ই-জাতীয় সংসদ প্রজেক্ট’ দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে ১০ সদস্যের প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয় সংসদ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সার্বিক নির্দেশনায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে সভাপতি করে এ কমিটি গঠন করা হয়। কমিটিতে সংসদ সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
কমিটির সদস্যরা হলেন সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন (নিজান), নায়াব ইউসুফ আহমেদ, মীর আহমাদ বিনকাসেম, সাঈদ আল নোমান, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান, আখতার হোসেন, লুৎফুল্লাহেল মাজেদ ও আন্না মিন্জ। জাতীয় সংসদ সচিবালয়ের মহাপরিচালক (বিঅ্যান্ডআইটি) কমিটির সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
কমিটির প্রধান দায়িত্ব হবে ইউএনডিপি প্রণীত ‘ই-জাতীয় সংসদ প্রজেক্ট’-এর উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) বিস্তারিত পর্যালোচনা করা এবং প্রয়োজনীয় সুপারিশ দেওয়া। পাশাপাশি আধুনিক ও প্রযুক্তিনির্ভর ই-পার্লামেন্ট প্রতিষ্ঠার লক্ষ্যে প্রয়োজনীয় বাস্তবায়ন কার্যক্রম পরিচালনা করবে কমিটি।
প্রকল্পের কার্যক্রম সুষ্ঠুভাবে এগিয়ে নিতে প্রয়োজন অনুযায়ী কমিটিতে নতুন সদস্য অন্তর্ভুক্ত করার সুযোগও রাখা হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে জাতীয় সংসদের কার্যক্রমে প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং সংসদীয় কার্যক্রম আধুনিকায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।

