মধ্যপ্রাচ্যের দেশ কাতার বিদেশি নাগরিকদের ভিসা-সংক্রান্ত বিশেষ সুবিধা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। আগামী ৭ জুন থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আঞ্চলিক সংকটের কারণে মেয়াদোত্তীর্ণ বা মেয়াদ শেষ হতে যাওয়া ভিসাধারীদের জন্য গত মার্চে যে বিশেষ সুবিধা চালু করা হয়েছিল, তা আগামী জুন মাস থেকে আর কার্যকর থাকবে না। ফলে নির্ধারিত সময়ের মধ্যে ভিসা নবায়ন, প্রয়োজনীয় ফি পরিশোধ বা দেশ ত্যাগ না করলে আইনি জটিলতা ও জরিমানার মুখে পড়তে পারেন সংশ্লিষ্টরা।
সংবাদমাধ্যম গালফ নিউজ বলছে, ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ শুরুর পর আঞ্চলিক অস্থিরতা, আকাশসীমা বন্ধ এবং ফ্লাইট বাতিলের কারণে মেয়াদোত্তীর্ণ বা মেয়াদ শেষ হতে যাওয়া প্রবেশ ভিসাগুলোর জন্য বিশেষ ছাড় দিয়েছিল কাতার। তবে সেই সাময়িক সুবিধা আগামী ৭ জুন থেকে প্রত্যাহার করা হচ্ছে।
কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মেয়াদোত্তীর্ণ অথবা শিগগিরই মেয়াদ শেষ হতে যাওয়া সব ধরনের প্রবেশ ভিসার জন্য দেয়া সাময়িক মেয়াদ বৃদ্ধির সুবিধা আগামী ৭ জুন রোববার থেকে বন্ধ হয়ে যাবে। মন্ত্রণালয় জানায়, গত ৩ মার্চ এই সুবিধার ঘোষণা দেয়া হয়েছিল। ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ শুরুর পর সৃষ্ট আঞ্চলিক উত্তেজনা, আকাশসীমা বন্ধ এবং ফ্লাইট বাতিলের কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছিল।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৭ জুনের পর থেকে সব ধরনের ভিসার স্বাভাবিক মেয়াদ, নবায়ন প্রক্রিয়া এবং নির্ধারিত ফি পুনরায় কার্যকর হবে। তাই কাতারে অবস্থানরত বিদেশি নাগরিকদের যথাসময়ে ভিসা নবায়ন, প্রয়োজনীয় ফি পরিশোধ অথবা মেয়াদ শেষ হলে দেশ ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, ভিসার নিয়ম লঙ্ঘন করলে কাতারের প্রচলিত আইন অনুযায়ী জরিমানা ও অন্যান্য আইনি শাস্তির মুখে পড়তে হতে পারে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, দেশের অভ্যন্তরে অবস্থানকারী সব বাসিন্দা ও ভ্রমণকারীর বৈধ অভিবাসন অবস্থা বজায় রাখা বাধ্যতামূলক।

