আসন্ন ঈদুল আজহার সিনেমা উৎসবে নতুন মাত্রা যোগ করতে আসছে বহুল আলোচিত সিনেমা ‘মালিক’। আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত এই সিনেমাকে ঘিরে ইতোমধ্যে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল। এবার সেই উত্তেজনাই আরও বাড়িয়ে দিলেন মিম নিজেই।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির একটি রোমান্টিক গানের কয়েকটি ছবি শেয়ার করেছেন এই অভিনেত্রী। ছবিগুলো প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে আলোচনা। ক্যাপশনে মিম লিখেছেন, ‘মালিক’ সিনেমার একটি রোমান্টিক গানের কিছু মুহূর্ত। খুব শিগগিরই আসছে।
শেয়ার করা ছবিতে শুভ ও মিমের অনস্ক্রিন রসায়ন নজর কেড়েছে সবার। একদিকে গোলাপি জামদানিতে মিমকে দেখা গেছে একেবারে বাঙালি নারীর ঐতিহ্যবাহী সাজে। খোঁপায় ফুল, মানানসই গয়না আর স্নিগ্ধ উপস্থিতিতে আলাদা মুগ্ধতা ছড়িয়েছেন তিনি।
অন্যদিকে, শুভকে দেখা গেছে ভিন্নভাবে। লম্বা চুল, ঘন দাড়ি, জলপাই রঙের শার্ট ও জিন্সে অভিনেতার উপস্থিতি সিনেমার চরিত্র নিয়ে দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।
ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ‘মালিক’ নিয়ে ইতোমধ্যে সিনেমাপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে প্রত্যাশা। বিশেষ করে রোমান্টিক গানের ঝলক প্রকাশের পর সিনেমাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা বেড়েছে বেশ।

