সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণীকে ঘিরে বিয়ের গুঞ্জনের অবসান হয়েছে। তাকে বিয়ে করার কথা প্রকাশ্যে স্বীকার করেছেন আলোচিত ব্লগার আসাদ নূর। কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিয়ে নিয়ে নানা আলোচনা চললেও এত দিন বিষয়টি নিশ্চিত করেননি কেউ। এবার নিজের ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারে এসে বিয়ের খবর জানান আসাদ নূর।
ভ্লগার আসাদ নূর মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টার দিকে লাইভে এসে বিয়ের বিষয়টি প্রকাশ করেন। পাশাপাশি কেন বিয়ের খবর গোপন রেখেছিলেন, সে বিষয়েও কথা বলেন। আসাদ নূর জানান, বিষয়টি তারা পরিকল্পিতভাবেই গোপন রেখেছিলেন। সমাজের প্রচলিত কিছু ট্যাবু ভাঙা এবং ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের অতিরিক্ত কৌতূহল ও প্রতিক্রিয়া বোঝাই ছিল তাদের উদ্দেশ্য। এ জন্য পাঞ্জাবি, শাড়ির আঁচল কিংবা ইনস্টাগ্রামে একে অপরকে অনুসরণ করার মতো কিছু ইঙ্গিত প্রকাশ করেছিলেন। ছবি আড়াল করেও মানুষের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করেছেন তারা।
বিয়ের খবর গোপন করার কারণ কী, মুখ খুললেন পারশার স্বামী আসাদ নূর
লাইভে সমালোচকদের উদ্দেশে আসাদ নূর বলেন, বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের বাড়তি আগ্রহের বিষয়টি সামনে আনতে চেয়েছিলেন তারা। ধর্মীয় উগ্রতা ও উগ্র জাতীয়তাবাদে বিশ্বাসীদের প্রচলিত চিন্তাভাবনাকে চ্যালেঞ্জ করাও ছিল তাদের অন্যতম উদ্দেশ্য।
পারশার পরিবার ও বেড়ে ওঠা নিয়েও কথা বলেন আসাদ নূর। তার ভাষ্য, পারশা পরিবারের একমাত্র সন্তান। বাবা শিক্ষক ও অধ্যাপক ছিলেন। গান ও সংস্কৃতির পরিবেশে বেড়ে ওঠা পারশার ক্যারিয়ার, যোগ্যতা ও অর্জনের প্রতি সম্মান রেখেই তারা একসঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন।
রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগও অস্বীকার করেন আসাদ নূর। তার দাবি, তারা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর হয়ে কাজ করেন না। বিএনপি কিংবা অন্য কোনো দলের কাছ থেকেও অর্থ বা অনুদান নেননি। এ ছাড়া জুলাই আন্দোলনে পারশার ভূমিকার কথা তুলে ধরেন তিনি। আন্দোলনের সময় পারশা আলোচিত ‘পোস্টার গার্ল’ ছিলেন বলে উল্লেখ করেন আসাদ নূর। আন্দোলনকেন্দ্রিক ‘চলো ভুলে যাই’ গানেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে জানান।
সবশেষে পারশাকে নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি আপত্তিকর ছবি, ট্রল ও অপপ্রচারের সমালোচনা করেন আসাদ নূর। নারীদের ব্যক্তিগত মর্যাদা ও সম্মান রক্ষার আহ্বান জানান তিনি।

